খেলাধুলার মধ্যেমে নতুন প্রজন্ম অপরাধমূলক কাজ থেকে বিরত থাকবে……….শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি
এস এম সোহেল
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা গড়বার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ তৈরী করতে হবে। আমাদের নতুন প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে যেমন সু-শিক্ষায় শিক্ষিত করতে হবে। পাশাপাশি সুস্থ দেহ ও মনের বিকাশে খেলাধুলা প্রয়োজন। খেলাধুলার মধ্যে থাকলে নতুন প্রজন্ম অপরাধমূলক কাজ থেকে বিরত থাকবে। এ ক্ষেত্রে আমাদের পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা করা উচিত। খেলাধুলার জন্য চাঁদপুর উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে এ জেলার ক্রিকেটার খেলছেন।
গত শুক্রবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. দীপু মনি আরো বলেন, চাঁদপুরের ক্রিকেটাররা যাতে পুরো বছর ক্রিকেট অনুশীলন করতে পারে সেজন্য বিসিবিকে মাঠ করার জন্য জায়গার ব্যবস্থা করা হবে। খেলাধুলার ক্ষেত্রে পৃষ্ঠপোষকতার প্রয়োজন বেশি। চাঁদপুরে যেনো এ ধরনের টুর্নামেন্ট সবসময় চলমান থাকে সেজন্য আমরা পক্ষ থেকে সহযোগিতা থাকবে। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের সন্তান, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান উপস্থিত হওয়ায় মন্ত্রী ধন্যবাদ জানান।
টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান। তিনি তার বক্তব্যে বলেন, এর আগেও খেলোয়াড় হিসেবে চাঁদপুরে এসেছিলাম। এই জেলাটি ইলিশের জেলা হিসেবে যেমন পরিচিতি পেয়েছে, একদিন এ জেলার ক্রিকেটারদের কারণে চাঁদপুর আরো পরিচিত পাবে। চাঁদপুরে যদি আমাকে ভালো জায়গার ব্যবস্থা করে দেয় তাহলে আমি ক্রিকেট বোর্ডের মাধ্যমে মাঠ তৈরি করে দিবো।
তিনি আরো বলেন, চট্টগ্রামের ১১ জেলার মধ্যে চাঁদপুরের ক্রিকেট অনেক দূর এগিয়েছে। এই জেলা থেকে আরো ভালো ক্রিকেটার তৈরি করতে হলে নিয়মিত অনুশীলনীর ব্যবস্থা করতে হবে। আর যদি নতুনভাবে মাঠের ব্যবস্থা করা হয় তাহরে ক্রিকেটাররা সারা বছরই অনুশীলন করতে পারবে।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে এবং চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, বিসিবি কাউন্সিলর ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, বিশিষ্ট ব্যবসায়ী শাহাবুদ্দিন অনু, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সম্পাদক শেখ মোহাম্মদ মোতালেব।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট রোটা. সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহসহ জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।
চাঁদপুর ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নিয়েছে ২৪টি দল। নকআউট পদ্ধতির এ খেলায় উদ্বোধনী দিনে অংশ নেয় শাহারাস্তি ক্রিকেট একাডেমি চাঁদপুর ও সন্দ্বীপ ক্রিকেট একাডেমি চট্টগ্রাম।
০৪ সেপ্টেম্বর, ২০২২।
