কচুয়ায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

হত্যাকারী শরীফ

স্টাফ রিপোর্টার
কচুয়া উপজেলায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা ওমর ফারুক (৩২) নিহত হয়েছেন। শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা হৃদরোগ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এর আগে গত শুক্রবার দুপুরে উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের সহদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক একই গ্রামের আফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সহদেবপুর গ্রামের নবীর হোসেনের ছেলে শরীফ হোসেন গত দেড় মাস আগে বিয়ে করে। গত শুক্রবার দুপুরে শরীফ তার স্ত্রীকে মারধর করায় তার বাবা নবীর হোসেন ডাক দিলে শরীফ তার বাবার গালে স্ব-জোরে থাপ্পড় মারে। এতে তার বাবার নাক ও মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। ভাইয়ের এ অবস্থা দেখে শরীফের চাচা এগিয়ে এসে বাঁধা দিলে শরীফ তার চাচা ওমর ফারুককে তার হাতে থাকা ছুরি দিয়ে আঘাত করে। এতে ফারুক গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা হৃদরোগ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় গতকাল ফারুক মৃত্যুবরণ করেন।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, পারিবারিক কলহের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। ঘটনার পর থেকে আসামি শরীফ পলাতক রয়েছে।

০৪ সেপ্টেম্বর, ২০২২।