আপনি মর্ডান হয়ে যান, তাহলে বাংলাদেশও উন্নত হয়ে যাবে
………… মোহাম্মদ শওকত ওসমান
শাহ আলম খান
চাঁদপুরে বাংলাদেশ মডেল ফার্মেসী ও মডেল মেডিসিন শপ এর প্রয়োজনীয়তা ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের এলিট চাইনিজ রেস্টুরেন্টে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শওকত ওসমান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, নাগরিক হিসেবে আপনাদের দায়িত্ব কি? আপনি মানুষকে কি সেবা দিচ্ছেন। রাষ্ট্রকে কিভাবে উন্নত করবেন। আপনি মর্ডান হয়ে যান তাহলে বাংলাদেশও উন্নত হয়ে যাবে। চাঁদপুরে অনেক সুন্দর পরিবেশ। আমি মনে করি আপনাদের উদ্দেশ্যে থাকলে মডেল ফার্মেসী ও মডেল মেডিসিন শপ তৈরী করা সম্ভব। ২০১৫ সাল থেকে সরকার এই মডেল ফার্মেসী ও মডেল মেডিসিন শপ কার্যক্রম শুরু করে।
বাংলাদেশ ক্যামিস্ট এণ্ড ড্রাগিস্ট সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি মোস্তফা রুহুল আনোয়ারের সভাপতিত্বে ও আলোচক কমিটির ম্যানেজার রাকিবুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরে ঔষধ তত্ত্বাবধায়ক মৌসুমী আক্তার, বিসিভিএস চাঁদপুরের সহ-সভাপতি এবিএম নজরুল আমিন, হুমায়ুন কবির খান ও সুভাষ সাহা।
আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, ম্যানেজম্যান্ট সাইন্স পর হেলথ এর টেকনিক্যাল এডভাইজর রাইয়ান আমজাদ প্রমুখ।
সভাপতি মোস্তফা রুহুল আনোয়ার তার বক্তব্যে বলেন, আমরা গত ৩০-৪০ যাবৎ ঔষধ ব্যবসার সাথে জড়িত। অসাধু ও অসৎ ব্যবসায়ীদের কারণে আমরা হঠাৎ করে অন্য ব্যবসা করতে পারবো না। ঔষধ কোম্পানীর লোকজন স্যাম্পল নামে গেটিস দেয়। সরকারি হাসপাতালে গিয়ে ঔষধের নাম দিয়ে আসে। যে ঔষধগুলোর কোন রেজিস্ট্রার নেই। কিন্তু ঔষধ কোম্পানীগুলো হাসপাতালে তাদের ঔষধের নাম দেয়ার কারণে আমাদের ফার্মেসী রাখতে হয়। যার কারণে রেজিস্ট্রার ছাড়া ঔষধ পেয়ে ভ্রাম্যমাণ আদালত আমাদের জরিমানা করে। আমি প্রশাসনের কাছে এ বিষয়ে ব্যবস্থাগ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।
সভায় চাঁদপুর শহরের বিভিন্ন ফার্মেসীর মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে।
