চাঁদপুরে মোস্তাক হায়দার চৌধুরীর দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ মোস্তাক হায়দার চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে, দিনব্যাপী বৃষ্টি উপেক্ষা করে রাজনৈতিক, অরাজনৈতিক, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ হাজারো মানুষের জানাজায় অংশগ্রহণ শেষে তাকে তার পারিবারিক চৌধুরী বাড়ি কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।
আলহাজ মোস্তাক হায়দার চৌধুরী ৭৫ বছর বয়সে ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গত রোববার বিকেল সাড়ে ৫টায় ঢাকা মিরপুর ডিওএইচএসে তার একমাত্র মেয়ের বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।
গত সোমবার পূর্ব শ্রীরামদী তার নিজ বাড়ি চৌধুরী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে বৃষ্টি উপেক্ষা করে হাজারো মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মরহুমের জানাজা। জানাজার আগে মরহুমের বড় ছেলে জাতিসংঘ শান্তি মিশনে অংশগ্রহণরত বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা এম হায়দার চৌধুরী ভার্চুয়ালি বক্তব্যে তার বাবার জন্য সবার কাছে দোয়া কামনা করেন এবং সবার কাছে বাবার জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং কোন ঋণ থাকলে তা পরিশোধ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় মরহুমের জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ জাহাঙ্গীর আখন্দ সেলিম, চাঁদপুর পৌরসভার মেয়রের পক্ষে প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, মুক্তিযোদ্ধা মুনির আহমেদ, চাঁদপুর গনি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্বাস উদ্দিন, নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের তপাদার, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রফিক আহমেদ মিন্টু, মরহুমের ভ্রাতুষ্পুত্র ব্যাংক কর্মকর্তা ফয়সাল হায়দার চৌধুরী। দোয়া পরিচালনা করেন চৌধুরীবাড়ি জামে মসজিদের খতিব মাও. আবু নাছের।
পরে বৃষ্টি উপেক্ষা করে মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন পুরানবাজার হাফেজিয়া মাদরাসার প্রিন্সিপল মাও. মুফতি খাজা আহমেদ উল্লাহ।
জানাজায় অংশ নেন চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ, চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটা. কাজী শাহাদাত, পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আমিনুর রহমান বাবুল, শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু মাঝি, কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়া, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সদস্য ওয়াহিদুর রহমান বাবু, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাস্তফা বাবু, মুক্তিযোদ্ধা ব্যাংকার মুজিবুর রহমান, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসানসহ আরো অনেকে।
মরহুমের অত্যন্ত নিকট হিন্দু নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি রোটা. সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি রোটা. তমাল কুমার ঘোষসহ ব্যবসায়ীরা।
এছাড়া মরহুমের আপন ছোট ভাই মহাজ হায়দার চৌধুরী, রাজনিতিবিদ মঈনুদ্দিন হায়দায় চৌধুরী (মাঈনু), তার ছোট ছেলে সাইফুল হায়দার চৌধুরী সুজনসহ আত্মীয় পরিজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আলহাজ মোস্তাক হায়দার চৌধুরী চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি, চাঁদপুর ডায়াবেটিক সমিতির যুগ্ম সম্পাদক, চাঁদপুর জেলা দোকান মালিক সমিতির সভাপতি, লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা-৩১৫ বি-৩ বাংলাদেশের জেলা গভর্নরের উপদেষ্টার দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি চাঁদপুরস্থ গণি আদর্শ উচ্চ বিদ্যালয়, নুরীয়া পাইলট উচ্চ বিদ্যালয়, আমিনুল হক পৌর প্রাথমিক বিদ্যালয় ও ৩নং বালিকা প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, পুরাণবাজার ডিগ্রি কলেজ গভর্নিং বডির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

০৮ ডিসেম্বর, ২০২১।