এস এম সোহেল
মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গত শনিবার চাঁদপুর জেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবস উদযাপনকে কেন্দ্র করে জেলা ও পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, স্কুল-কলেজ-মাদ্রাসাসহ সরকারের বিভিন্ন বিভাগ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল- সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য অঙ্গীকার পাদদেশে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি শুরু। তোপধ্বনি শেষে অঙ্গীকার বেদীতে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির পক্ষে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা বিএনপি, চাঁদপুর প্রেসক্লাব, নৌ-পুলিশ, সিভিল সার্জন, জেলা আনসার ও ভিডিপি, চাঁদপুর সদর উপজেলা পরিষদ, চাঁদপুর মৎস্য অধিদপ্তর, চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিএমএ চাঁদপুর, চাঁদপুর জেলা জাতীয় পার্টি, চাঁদপুর জেলা জাকের পার্টি, চাঁদপুর জেলা শিক্ষা অফিস, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা যুব মহিলা লীগ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবীসহ সর্বস্তরের জনসাধারণ।
সূর্যোদয়ের সাথে-সাথে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা যথাযথ মর্যাদায় উত্তোলিত হয়। সকাল ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক পায়রা অবমুক্ত ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মো. মিলন মাহমুদ। পরে পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী বাহিনী, রোভার স্কাউট, গার্লস্ গাইড, কাব গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু-কিশোর সংগঠনের কুচকাওয়াচ পরিদর্শন শেষে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মো. মিলন মাহমুদ। কুচকাওয়াচ শেষে জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের মনোমুগ্ধকর শরীরচর্চা ও ডিসপ্লে প্রদর্শিত হয়। কুচকাওয়াচ, ডিসপ্লে, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
বেলা ১১টায় সার্কিট হাউজে জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান। একই সময় জেলার সব সিনেমা হলে ছাত্র-ছাত্রী ও শিশু-কিশোরদের জন্য বিনামূল্যে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। দুপুর হাসপাতাল, জেলখানা, এতিমখানা, সরকারি শিশু সদন এবং মুক ও বধির স্কুলে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। সুবিধাজনক সময়ে জাতির শান্তি, অগ্রগতি ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া জাতির শান্তি, অগ্রগতি ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মন্দির এবং গীর্জায় বিশেষ প্রার্থনা করা হয়। বিকেল ৩টায় চাঁদপুর মহিলা কলেজে জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে নারীদের আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসক একাদশ ও পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও পৌরসভার মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী ও আগত অতিথির মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ ও সাংবাদিক এমআর ইসলাম বাবুর যৌথ পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. ষৈয়দা বদরুন নাহার চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসাম্মদ রাশেদা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসসহ মুক্তিযোদ্ধা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
সন্ধ্যা সাড়ে ৬টায় চাঁদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীতে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
তিনি তার বক্তব্যে বলেন, আজ আমাদের দেশ স্বাধীন না হলে কোন কিছুই হতো না। বঙ্গবন্ধু আমাদের স্বাধীন দেশ দিয়েছেন। স্বাধীন দেশে সবগুলো দপ্তর পুনর্গঠন করেছেন। বঙ্গবন্ধু বেশি দিন থাকতে পারলেন না। একটি কুচক্রী মহল বঙ্গবন্ধুকে হত্যা করেছে।
তিনি আরো বলেন, আমাদের রেমিট্যান্স বেড়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট হয়েছে। আমরা ইন্টারনেটের মাধ্যমে সবকিছু দেখছি। প্রধানমন্ত্রী নেতৃত্বে প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে। গৃহহীনদের ঘর দেয়ার ব্যবস্থা নিয়েছেন। ২৪৬ পরিবারকে চাঁদপুরে ঘর দেয়া হয়েছে। প্রতিটি মানুষের কথা প্রধানমন্ত্রী ভাবেন এবং চিন্তা করেন। তিনি দেশের জন্যে এতটা পরিশ্রম করছেন এতে আমাদেরও দায়িত্ব রয়েছে। যার যে কাজ তা করতে হবে। আমাদের কাজ দিয়ে প্রমাণ করতে হবে, কথা নয়। আমি সবার সহায়তা চাই। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনযায়ী কাজ করতে চাই।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ ওয়াদুদ, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক একেএম জহিরুল হক প্রমুখ।
সাংবাদিক এমআর ইসলাম বাবুর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী ও ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার ইয়াকুব আলী মাস্টার।
আলোচনা সভা শেষে শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। সবশেষে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের সমন্বয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
২৮ মার্চ, ২০২২।
