মতলব উত্তরে মাদক বিরোধী অভিভাবক সমাবেশ

বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে মাদকের বিরুদ্ধে লড়তে হবে
……পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম

মতলব উত্তর ব্যুরো
পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম বলেছেন, মাদক একটি বড় ধরনের সমস্যা। এ বিষয়টিকে প্রাধান্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আগামি ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের উন্নত সোনার বাংলা বিনির্মাণে মাদকের বিরুদ্ধে সর্বত্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নতুন প্রজন্মকে অবশ্যই মাদক থেকে দূরে রাখতে হবে।
রোববার (২৭ মার্চ) বিকেলে মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি আইডিয়েল একাডেমি মাঠে মাদক বিরোধী অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী শামসুল আলম বলেছেন, সরকারি-বেসরকারি গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদকের কুফল ও ভয়াবহতা সম্পর্কে সচেতনতাসহ ব্যাপক প্রচার-প্রচারণা অব্যাহত রাখতে হবে।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে যেমন বলেছিলেন ‘ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে’, ঠিক তেমনই মাদকের বিরুদ্ধেও ঘরে-ঘরে দুর্গ গড়ে তুলতে হবে। মাদক পুরোপুরি নির্মূল করা না গেলেও সচেতনতার মাধ্যমে মাদকের অপব্যবহার সহনশীল পর্যায়ে নিয়ে আসা সম্ভব হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, একসময় আমরা টেলিভিশনের ওপর নির্ভর করতাম। এখন আমরা সেটা করছি না। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে জানতে পারছি। আমাদের আগামি প্রজন্মকে মাদকমুক্ত গড়ার জন্য প্রত্যেকের অবস্থান থেকে কাজ করতে হবে। আগামি প্রজন্মকে প্রস্তুত করে যেতে না পারলে এই দেশ সোমালিয়া হয়ে যাবে। বঙ্গবন্ধু সোনার বাংলা জননেত্রী শেখ হাসিনা তিলে তিলে গড়ে তুলেছেন। গত ১৩ বছর এদেশ এগিয়ে গেছে। দক্ষ জনগোষ্ঠীর অভাব হয়েছে। তবে দক্ষদের চাকরি আছে, তাদের চাহিদা আছে।
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল বলেন, বর্তমান সরকার মাদকামুক্ত বাংলাদেশ করতে দৃঢ় প্রতিজ্ঞ। তথ্যপ্রযুক্তির এই যুগে মাদক ব্যবসায়ীরা নিত্য নতুন কৌশল অবলম্বন করে নতুন ধরনের মাদক পাচার ও ব্যবসা চালিয়ে যাচ্ছে। তরুণদের ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। মাদকের এ আগ্রাসন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মাদক ব্যবসায় সম্পৃক্ত করছে যা দেশের উন্নয়নের অন্তরায়। যুব সমাজ তথা জাতিকে মাদকের এ ভয়াবহ আগ্রাসন থেকে রক্ষার লক্ষ্যে মাদক বিরোধী সর্বাত্মক সামাজিক সচেতনতা সৃষ্টির বিকল্প নেই।
বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের আয়োজনে মাদক বিরোধী অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার মো. আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও একুশেপদক প্রাপ্ত বরেণ্য অর্থনীতিবিদ প্রফেসর ড. শামসুল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান, সহকারী পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এমদাদুল হক মিঠুন, গজরা ইউপি চেয়ারম্যান মো. শহীদ উল্লাহ প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ. ছাত্তার এবং ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জি. জামাল হোসেন নাহিদ।

২৮ মার্চ, ২০২২।