শাহ্ আলম খান
চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনে সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সদস্য সচিব ও বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাবেক
সভাপতি ইয়াহিয়া কিরণ আর বেঁচে নেই (ইন্নালিল্লাহি……..রাজিউন)। গত বুধবার দিনগত রাত সোয়া ১টায় শহরের হাজী মহসীন রোড়স্থ প্রিমিয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
এর আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে বুকে ব্যাথা অনুভব করলে শহরের মুন্সেফ পাড়ার বাসিন্দা ইয়াহিয়া কিরণকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বাদ আছর চাঁদপুর শহরের চিশতিয়া জামে মসজিদের সামনে হাসান আলী বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাযার আগে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসাইন, কাজী ট্রেডার্সের স্বত্বাধিকারী কাজী হুমায়ুন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটোয়ারী, গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, চতুরঙ্গ ও সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুন আল রশীদ। মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মরহুমের বড় ভাই গোলাম কিবরিয়া জীবন ও মরহুমের বড় ছেলে সাংবাদিক শাহরিয়ার পলাশ।
বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীর পরিচালনায় জানাজায় চাঁদপুরের শিল্প সাহিত্য সংস্কৃতি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে চাঁদপুর পৌর কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
জানাযায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১২টার এবং সাড়ে ১২টার সময় মরহুমের লাশ চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি এবং চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সামনে নেয়া হয়। এসময় দুটো প্রতিষ্ঠানের সামনেই শেষবারের মতো একনজর দেখা এবং বিদেহী আত্মার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার দীর্ঘদিনের সহযোদ্ধা-সহকর্মী তথা সাংস্কৃতিক অঙ্গনের মানুষজন ভিড় করেন।
ইয়াহিয়া কিরণ চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাক ও বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবনের ছোট ভাই।
উল্লেখ্য, ইয়াহিয়া কিরণ ২০০৫ সালে ও পরবর্তী সময়ে আরো একবার বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সভাপতি ছিলেন। চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। ইয়াহিয়া কিরণ বর্ণচোরা নাট্যগোষ্ঠী ছাড়াও চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি, রংধনু সৃজনশীল নৃত্য সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
২৯ জানুয়ারি, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে সাংস্কৃতিক সংগঠক ইয়াহিয়া কিরণের দাফন সম্পন্ন
