হাইমচরের মেঘনায় জাহাজের ধাক্কায় জেলে নিখোঁজ

সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলায় মেঘনা নদীতে জাহাজের ধাক্কায় জেলে নিখোঁজ হয়েছে। গত বুধবার দিবাগত রাত ৩টায় সাহেবগঞ্জ সংলগ্ম মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলে হাইমচর ইউনিয়নের আদর্শ গ্রামের ফজল মাঝির ছেলে জামাল (৩৫)।
জানা জায়, ৭ জন জেলে এক নৌকায় করে মাছ শিকারের উদ্দেশে মেঘনা নদীতে গেলে মাছ ধরা অবস্থায় রাত ৩টায় একটি জাহাজ তাদের নৌকার উপরে উঠিয়ে দেয়। জাহাজের ধাক্কায় নৌকায় থাকা ৭জন জেলেই নদীতে পড়ে যায়। পাশের আরেকটি জেলে নৌকা তাৎক্ষণিক ৬ জনকে উদ্ধার করতে পারলেও জামাল নামের একজনকে উদ্ধার করতে পারেনি। এ সংবাদ লেখা পর্যন্ত সে নিখোঁজ রয়েছে।
স্থানীয় সমাজসেবক আব্দুল হক মোল্লাহ ঘটনার উদ্বৃতি দিয়ে জানান, গতকাল রাতে মাছ ধরা অবস্থায় একটি জাহাজ জেলেদের নৌকার উপর দিয়ে উঠিয়ে দেয়। তাৎক্ষনিক সকল জেলে নদীতে পড়ে যায়। ৬ জেলেকে উদ্ধার করে আরকেটি জেলে নৌকা। বর্তমানে জামাল নামের একজন নিখোঁজ রয়েছে। তার পরিবারের পক্ষ থেকে নিখোঁজের জিডি করার প্রস্তুতি নিচ্ছে।
২৯ জানুয়ারি, ২০২১।