স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের ষোলঘর এলাকার চিহ্নিত সন্ত্রাসী প্রকৃতির ও বিভিন্ন অপরাধে জড়িত মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. হুমায়ন কবির গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার (৩ নভেম্বর) বিকাল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের মাদ্রাসা রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করেন মডেল থানার এএসআই আবু হানিফ। গ্রেফতার হওয়া কবির ষোলঘর এলাকার গাজী বাড়ির মৃত আব্দুল হাকিম গাজীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, গত ২০১২ সালের ৫ এপ্রিল ষোলঘর পাকা মসজিদ এলাকায় দি চাঁদপুর মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি নামক সংস্থার খরিদকৃত সম্পত্তিতে স্থাপনা নির্মাণের সময় কবির গাজীসহ তার সাঙ্গপাঙ্গরা কাজে বাঁধা প্রদান করে এবং চাঁদা দাবি করে। এ সময় ওই সংস্থার লোকজন চাঁদা না দেয়ার কারণে সংস্থার দুইজনকে মারধর করে রক্তাক্ত জখম করে। ওই ঘটনায় সংস্থার লোকজন বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করে। মামলা নং-জি আর ১৪৪/১২।
মামলাটি দীর্ঘ প্রায় ৭ বছর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ এ চলমান অবস্থায় স্বাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে গত সেপ্টেম্বর মাসের ১২ তারিখে হুমায়ুন কবির গাজীর অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৬ মাসের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসিম উদ্দিন বলেন, গ্রেফতার হওয়া আসামি থানা হেফাজতে রয়েছে। আজ সোমবার সকালে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হবে।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে সাজাপ্রাপ্ত আসামি হুমায়ুন কবির গ্রেফতার
