চাঁদপুরে স্টেডিয়াম মার্কেটে দুর্ধর্ষ চুরি

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে স্টেডিয়াম মার্কেটের পাকা দেওয়াল ভেঙে আউটার স্টেডিয়ামের পোলার আইসক্রীম অফিসে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। এ সময় চোরের দল পোলার আইসক্রীমের অফিসে ক্যাশ বাক্স ভেঙে ক্যাশে থাকা নগদ ৩ লাখ টাকা ও মালামাল চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গত সোমবার গভীর রাতে হলেও গতকাল মঙ্গলবার দুপুরে অফিস খোলার পর পোলার আইসক্রীম চাঁদপুরের পরিবেশক রুবেল ট্রেডার্সের মালিক মো. নূরে আলম পাটওয়ালী রুবেল বিষয়টি জানতে পারে।
এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় পোলার আইসক্রীম চাঁদপুরের পরিবেশক রুবেল ট্রেডার্সের মালিক মো. নূরে আলম পাটওয়ালী রুবেল একটি অভিযোগ দিয়েছে। এ ঘটনার পর চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদের নির্দেশে থানার উপ-পরিদর্শক মো. ওমর ফারুক দুপুরের পর ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছেন।
জানা গেছে, গত সোমবার পোলার আইসক্রীম চাঁদপুরের পরিবেশক চাঁদপুর অফিসে বসে এবং চাঁদপুর শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে দিনভর পাইকারী ও খুচরাভাবে আইসক্রীম বিক্রি করে। সারা দিনে বিক্রিত টাকা ও আগের টাকাসহ প্রায় ৩ লাখ টাকা ক্যাশ বাক্সে রাখে। ইতোমধ্যে খবর আসে পরিবেশকের ফুফা মারা গেছে।
সে তাৎক্ষণিক সে খবর পেয়ে টাকা ক্যাশ বাক্সে রেখে ফুফার বাড়িতে তাকে জানাজা দিতে চলে যায়। রাতে দেরি হওয়াতে সে আর অফিসে আসেনি। মঙ্গলবার লকডাউনের কারণে দেরী করে অফিস খোলেন দুপুরে। অফিস খুলে দেখতে পান ক্যাশ বাক্সটি ভাঙ্গা ও ক্যাশে থাকা ৩ লাখ টাকা নাই।
পরে দেখতে পান অফিসের ভিতরে স্টেডিয়ামের পশ্চিম দিক দিয়ে পাকা দেওয়াল ভেঙে পোলার আইসক্রীম অফিসে প্রবেশ করে এ দুর্ধর্ষ চুরিটি সংঘটিত করেছে চোরের দল। চোরের দল নগদ টাকা ছাড়াও অফিসের ফ্রিজে রাখা দামি-দামি আইসক্রীমও নিয়ে গেছে।
এ ব্যাপারে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ জানান, চাঁদপুর আউটার স্টেডিয়ামের পোলার আইসক্রীম অফিসে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। এ খবর পাওয়ার পর থানার একজন অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয় অভিযোগ পাওয়া গেছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৩ আগস্ট, ২০২১।