চাঁদপুরে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ

ঢাকার টঙ্গী ময়দানে সন্ত্রাসী হামলাকারীদের বিচারের দাবিতে

এস এম সোহেল
ঢাকার টঙ্গী ময়দানে মাও. সাদ অনুসারীদের সন্ত্রাসী হামলাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের কাছে চাঁদপুর জেলার আলমী শূরার পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, তাবলীগ জামাতের চিরাচরিত নিয়ম অনুযায়ী পূর্ব নির্ধারিত ৭ থেকে ১১ ডিসেম্বর ৫ দিনের জোড় এবং ১৮ থেকে ২০ জানুয়ারি প্রথম পর্ব ইজতেমা ও ২৫ থেকে ২৭ জানুয়ারি দ্বিতীয় পর্ব ইজতেমা উপলক্ষে মাঠে কর্মরত সাথীদের উপর সাদ অনুসারীদের নেতৃত্বদানকারী ওয়াসিফুল ইসলাম, শাহাবুদ্দিন নাসিম ও মাও. মোশাররফ হোসেনের নির্দেশনার গত পয়লা ডিসেম্বর সকাল ১১টায় টঙ্গী ময়দানে অতর্কিত হামলা ও তা-বলীলায় আমাদের বহু সাথী আহত ও নিহত হয়।
উল্লেখ্য, ঐ হামলায় চাঁদপুর থেকে অংশগ্রহণকারী সন্ত্রাসীদের নেতৃত্বদানকারী আব্দুর রশিদ, আরীফুল্লাহ, বেলায়েত, আবদুল্লাহ উক্ত হামলায় পরোক্ষভাবে জড়িত ছিল। এমতাবস্থায় ওয়াসিফুল ইসলাম, শাহাবুদ্দিন নাসিম, মাও. মোশাররফ হোসেনদের গ্রেফতার করে বিচারের জন্য আবেদন করছি এবং সঙ্গে সঙ্গে আব্দুর রশিদ, আরীফুল্লাহ, বেলায়েত, আবদুল্লাহদের গ্রেফতার করে বিচারের জন্য বিনীত আবেদন করছি। তৎসঙ্গে সাদ অনুসারীরা যেন কোনভাবে চাঁদপুর পুরানবাজার মারকাজসহ যে কোন স্থানে কোন ধরনের কার্যকলাপ ও সমাবেশ করতে না পারে সে ব্যবস্থাগ্রহণের জন্য অনুরোধ জানানো হয় স্মারকলিপিতে।
এদিকে সকাল ১০টায় চাঁদপুর শহরের শপথ চত্বর এলাকায় টঙ্গী ময়দানে মাও. সাদ অনুসারী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মুফতি নূরে আলমের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বড় স্টেশন মাদ্রাসার মুহতামিম মাও. মুফতি সিরাজুল ইসলাম, এমদাদিয়া মাদ্রাসার মুহতামিম মাও. জাফর আহমেদ, মাও. নুরুল আমীন জিহাদী, চাঁদপুর মারকাজ মসজিদের খতিব মাও. এমদাদ, মহামায়া মাদ্রাসার মুহাদ্দিস মাও. ইদ্রিস, মাও. লিয়াকত হোসেন, মুফতি শাহাদাত হোসেন কাসেমী, ফুলছোঁয়া মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম, এমদাদিয়া মাদ্রাসার মুফতি মো. মাসুম বিল্লাহ প্রমুখ।