
স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাজি নজরুল ইসলাম গাজী (৫৯) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুর ১টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের জেলা পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের দক্ষিণ হামানকর্দ্দী গ্রামের গাজী বাড়ির মো. ওসমান গাজীর ছেলে। তিনি সৌদি প্রবাসী। আগামি ২ অক্টোবর তার সৌদি আরব যাওয়ার কথা ছিলো। ১৯৯৭ সালের ৬ নভেম্বর তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন।
এদিকে মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চাঁদপুর-হ-১১-৭৯২১ নম্বরের টিভিএস কোম্পানীর মোটর সাইকেলটি উদ্ধার করেন। তবে তার মালিককে পাওয়া যায়নি।
নিহতের ছেলের স্ত্রী ইয়াছমিন আক্তার সাংবাদিকদের জানান, তার শ্বশুর সকালে পারিবারিক সম্পত্তিগত বিরোধ সমাধানের জন্য জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম পাটওয়ারীর কাছে জেলা পরিষদে আসেন। সেখান থেকে বাড়িতে যাওয়ার জন্য চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় ও ঘাড়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা তাকে ঢাকা প্রেরণ করেন। ঢাকায় নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। পরে তার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
চাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, নিহত নজরুল ইসলাম গাজীর মরদেহ বাড়ি থেকে থানায় নিয়ে আসা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কারণ পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য আবেদন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসিম উদ্দিন।
১৬ সেপ্টেম্বর, ২০১৯।
