চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় আহত ৪

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে ব্যাটারীচালিত রিক্সার সাথে অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে অল্পের জন্য রক্ষা পেল ৩টি প্রাণ। এ ঘটনায় আহত হয়েছে ৪ জন। ঘটনাটি ঘটেছে গত সোমবার (১৪ জুন) রাত ১০টায় চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র শপথ চত্বর বাইতুল আমিন রেলওয়ে মসজিদ এলাকায়।
এ ঘটনায় ব্যাটারীচালিত রিকসাটি দুমড়ে-মুচরে গিয়ে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। এ সময় রিকসার চালক বাচ্চু দেওয়ান (৫৫), রিকসারোহী মো. আবুল বাসার (৬০) ও আব্দুল হাসিম (৪৫), অটোবাইক চালক মো. তুহিন খান (২৫) মারাত্মকভাবে আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জন রিক্সারোহী ও রিক্সা চালককে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
আটোবাইক চালক তুহিন চিকিৎসা না নিলেও সেও আহত হয়েছে। তার অটোবাইকের সামনের গ্লাসটি ছুটে গিয়ে সে মুখে ও শরীরে আঘাতপ্রাপ্ত হয়েছে।
এ ঘটনায় তাৎক্ষণিক ঘটনাস্থলে থাকা কমিউনিটি পুলিশ অঞ্চল-৫ এর সদস্যরা দৌঁড়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় এবং রিক্সা ও অটোবাইক জব্দ করে চাঁদপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
ঘটনাস্থলে থাকা পথচারী ও অন্য চালকরা জানান, চাঁদপুর শহরের নৌ-টার্মিনাল এলাকা থেকে ২ জন যাত্রী নিয়ে রিকসাচালক বাচ্চু দেওয়ান ব্যাটারীচালিত রিক্সা নিয়ে দ্রুতগতিতে চাঁদপুর শহরের বাইতুল আমিন সমজিদের কাছ দিয়ে শপথ চত্বর অতিক্রম করছিল। এসময় বিপরীত দিক থেকে আসা অটোবাইকটি অতি দ্রুতগতিতে রঙসাইড দিয়ে উল্টোপথে বাইক নিয়ে বড় স্টেশনের দিকে যাওয়ার সময় শপথ চত্বরের কাছে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে করে অটোবাইকের ধাক্কায় রিক্সা চালক ও রিক্সারোহীরা আহত হয়।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ জানান, রিক্সা ও অটোবাইক জব্দ অবস্থায় থানা হেফাজতে রয়েছে। আহতরা অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

১৬ জুন, ২০২১।