চাঁদপুরে ১৫শ’ পিস ইয়াবাসহ মা-মেয়ে আটক

 

স্টাফ রিপোর্টার
চাঁদপুর মাদ্রাসার রোড লঞ্চ টার্মিনালে নৌ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে ১৫০৫ পিস ইয়াবাসহ মা ও মেয়েকে আটক করেছে। শনিবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় নৌ থানার ইনচার্জ জহিরুল ইসলাম লঞ্চ টার্মিনালে অভিযান চালিয়ে রুবি আক্তার (২৫) ও তার মা নুরজাহান বেগম (৫৫) কে আটক করে।
নৌ-থানার ইনচার্জ জহির জানান, চট্টগ্রাম থেকে ট্রেন যোগে ইয়াবার একটি চালান নিয়ে গাজীপুরের উদ্দেশে দু’জন নারী লঞ্চঘাটে আসে। এমন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে লঞ্চঘাটে অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা ব্যাগের ভিতর ১৫০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা দু’জন কক্সবাজার জেলার কলাতলী এলাকার বাসিন্দা।
তারা প্রায় সময় ইয়াবার চালান নিয়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় পাচার করে থাকে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের হাতে আটক রুবি আক্তার জানান, চট্টগ্রাম থেকে একটি ছেলে ব্যাগের ভিতর থাকা ইয়াবা চালানটি ঢাকায় নিয়ে পৌঁছে দেয়ার জন্য বলে। গার্মেন্টসে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এই ব্যাগটি নিয়ে পৌছে দেয়ার জন্য বলে। এদিকে চাঁদপুর নৌ- থানা পুলিশ এই প্রথম ইয়াবার বড় চালান উদ্ধার করতে সক্ষম হয়েছে।
৩১ জানুয়ারি, ২০২১।