চাঁদপুরে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতির পিতার সোনার বাংলা গড়তে সবাইকে কাজ করতে হবে
………ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শওকত ওসমান
এস এম সোহেল
চাঁদপুরে ৪৮তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে অতিথিরা জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে ৪৮তম জাতীয় সমবায় দিবসের কার্যক্রমের সূচনা করেন।
চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শওকত ওসমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমাদের মূল দর্শন সোনার বাংলা গড়ার। কোথাও একটি মানুষ যেন ক্ষুধায় ও ঘরহীন না থাকে। এই প্রত্যয় নিয়ে আমাদের একত্রিত হয়ে কাজ করতে হবে। কৃষক, জেলে ও তাঁতী সবাই যেন একসাথে কাজ করে- এটা জাতির পিতার দর্শন ছিলো। জাতির পিতার আরো দর্শন ছিলো সোনার বাংলা তৈরী করার। সে লক্ষ্যেই আমাদের কাজ করে যেতে হবে।
তিনি আরো বলেন, গত ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত আমরা চাঁদপুরে মা ইলিশ রক্ষায় কাজ করেছি। জেলেদের মা ইলিশ ও জাটকা নিধন থেকে বিরত থাকার জন্য ঐক্যবদ্ধ করা দরকার। আমরা চাচ্ছি জেলেদের নিয়ে একটি সমবায় সমিতির মতো সংগঠন করতে। যাতে ওই সংগঠনটি জেলেদের প্রশিক্ষণ দিবে এবং সচেতন করে তুলবে। যে কোন কাজ মানুষ একা করা সম্ভব হয় না, সেটি সমবায়ের মাধ্যমে খুব সহজেই করা সম্ভব হয়। সমবায়ভিত্তিক ভাল কাজ করার জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছি। ওইসব কাজগুলো বাস্তবায়ন হলে একসময় সারা বিশ^ আমাদের দেখবে।
চাঁদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মো. আসাদুজ্জামান ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার মো. মোমেন হোসেন ভূঁইয়া।
চাঁদপুর সদর উপজেলা সমবায় অফিসার দুলাল চন্দ্র দাস ও জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. মোতালেব খানের যৌথ পরিচালনায় সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর সদর ইউসিসিএ’র সভাপতি শহীদ উল্যাহ খান, সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের সম্পাদক আলী এরশ^াদ মিয়াজী, শিক্ষিত বেকার কেন্দ্রীয় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি জসিম উদ্দিন শেখ, যুবধারা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মো. জুলহাস মিয়া প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাও. মো. আবুল হোসেন ও গীতা পাঠ করেন জেলা সমবায় অফিসের পরিদর্শক অমল চন্দ্র নন্দী।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, যুগ্ম-সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামসহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।