চাঁদপুরে ৮ ইটভাটার মালিককে অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার
চাঁদপুরের সব উপজেলায় একযোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনকারী ৮ ইটভাটার মালিককে বিভিন্ন অংকে ৫ লাখ টাকা অর্থদন্ড এবং একটি ভাটার বৈধতা না থাকায় বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩১ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। রাতে জেলা প্রশাসক কার্যালয় থেকে এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
জেলা প্রশাসক কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যমতে জানাগেছে, পরিবেশ দূষণকারী ইটভাটা এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ও ছাড়পত্রবিহীন অবৈধ ইটভাটাসমূহকে অর্থদন্ড প্রদান করা হয়। সমগ্র জেলায় ৯টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হয়। এরমধ্যে ৮টি ইটভাটাকে অর্থদন্ড প্রদান করা হয় এবং একটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
চাঁদপুর সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হেলাল চৌধুরী সদর উপজেলার মেসার্স এএমএস ব্রিক ফিল্ডকে ২ লাখ টাকা, মতলব দক্ষিণ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) সেটু বড়ুয়া উপজেলার সিএসবি ইটভাটাকে ৫০ হাজার টাকা, শাহপরান ইটভাটাকে ৭০ হাজার টাকা, কে.এস.বি ইটভাটাকে ৪০ হাজার টাকা, হাইমচরে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফয়সাল উপজেলার মাতুব্বর জমাদার ইটভাটাকে ৩০ হাজার টাকা, কচুয়ায় সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ উপজেলার গাউছুল আজম ব্রিকস ফিল্ডকে ৫০ হাজার টাকা, ফরিদগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি উপজেলার মেসার্স মাহবুব ব্রিকফিল্ডকে ৫০ হাজার টাকা ও শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার উপজেলার মাহেলা ব্রিক ফিল্ডকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
এসব ভ্রাম্যমাণ আদালতে থানার পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।

০১ ফেব্রুয়ারি, ২০২২।