ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে অগ্নিকান্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৩১ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার পশ্চিম রূপসা গ্রামের করিম মেম্বারের শরাফত উল্যার ঘরে।
স্থানীয় বাসিন্দা মো. ইব্রাহীম জানান, অগ্নিকান্ডের ঘটনার শিকার শরাফত উল্যার পরিবার গত ১ মাস যাবত ঢাকায় অবস্থান করছেন। রাত ৮ টার দিকে আগুন লাগার খবর পেয়ে আমরা প্রায় ২০-২৫ জন যুবক ও পাড়া-প্রতিবেশীসহ প্রায় দেড় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ততোক্ষণে আগুনে অসহায় পরিবারটির বসতঘরসহ সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এসময় পার্শ্ববর্তী আরেকটি বসতঘরের আংশিক অংশ আগুনে পুড়ে যায়। এতে প্রায় ১০ হতে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ইউপি মো. কামরুল ইসলাম জানিয়েছেন, অগ্নিকান্ডে খবর পেয়ে আমি সাথে সাথে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেছি। ফায়ার সার্ভিসকে কল দেওয়া হয়েছে, তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।
বিষয়টি নিয়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বাহার মিয়া জানিয়েছেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা ঘটনার স্থান পরিদর্শন করেছি। কিভাবে আগুনের সূত্রপাত, তা এখনো জানা যায়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
০১ ফেব্রুয়ারি, ২০২২।
