আল্লামা শফীর অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করতে জীবন বাজি রেখে সবাইকে আসতে হবে
স্টাফ রিপোর্টার
শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমাদ শফী (র.) এর স্মরণে বিশেষ আলোচনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর জেলা পরিষদ সংলগ্ন মারকাজুল উলুম মাদ্রাসায় আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুয়াত বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আয়োজেন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় তাহাফ্ফুজে নবুয়াতের মুফতি মাও. আব্দুল কাইউম সোবহানী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আহমদ শফীর মৃত্যুকে নিয়ে নোংরা রাজনীতির পরিণতি শুভ হবে না। লাশের রাজনীতি মেনে নেয়া যায় না। শাপলা চত্বরের রক্তের দাগ এখনো আমাদের শরীরে। হেফাজতে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত যে কোনভাবে প্রতিহত করা হবে। আমরা আহমদ শফীর রূহের মাগফেরাত কামনা করছি। কাদিয়ানীদের সরকারিভাবে অমুসলিম ঘোষণাসহ আল্লামা শফীর অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করার জন্য জীবন বাজি রেখে সবাইকে আসতে হবে।
আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুয়াত বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শায়খুল হাদিস মাও. জাফর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর খতমে নবুয়াতের মুফতি আশিক উল্লাহ।
হেফাজত ইসলাম চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম আনওয়ারুল করীমের পরিচালনায় বক্তব্য রাখেন আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুয়াত বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার নেতা মুফতি সিরাজুল ইসলাম, মাও. লিয়াকত হোসেন, মাও. ওবায়েদুর রহমান, মাও. মাসুম বিল্লাহ, ফারুক মোহাম্মদ নোয়াইম, মাও. ইদ্রিস প্রমুখ।
সবশেষে শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমাদ শফী (র.) এর রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
২৯ সেপ্টেম্বর, ২০২০।
