চাঁদপুর জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মতলব উত্তর


শাহ আলম খান
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১৮তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত বৃহস্পতিবার বিকাল ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে চাঁদপুর সদর ও মতলব উত্তর উপজেলা দল।
বিকাল সাড়ে ৩টায় রেফারির বাঁশির মাধ্যমে শুরু হয় খেলা। প্রথমার্ধের ৩০ মিনিট খেলা হলেও কোন গোল হয়নি। তবে উভয় পক্ষে গোল দেয়ার চেষ্টা চালায়। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলা একাধিবার গোল করার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি।
দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে মতলব উত্তর উপজেলা দল সদর উপজেলা দলকে চাপের মধ্যে রাখে। ৫ মিনিটের মধ্যে মতলব উত্তর উপজেলা দলের পক্ষে বিদেশে খেলোয়াড় ডুডু একটি গোল চাঁদপুর জালে প্রবেশ করান। এতে ১-০ গোলে এগিয়ে যায় মতলব উত্তর উপজেলা।
এরপর চাঁদপুর সদর উপজেলা দল খেলার সমতা ফিরিয়ে আনতে চেষ্টা চালায়। অপরদিকে মতলব উত্তর উপজেলাও আক্রমনাত্মক চেষ্টা অব্যাহত রাখে। উভয় দলের উত্তেজনাপূর্বক খেলার মধ্যে দিয়ে নির্ধারিত সময় শেষ হয়। ফলে ১-০ গোলে চাঁদপুর সদর উপজেলাকে পরাজিত করে মতলব উত্তর উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফুটবল টুর্নামেন্টে পরিচালনা করেন জিএম নয়ন, হেলাল উদ্দিন টিপু, আব্দুল মুহিত শৈকত, মো. মাসুদুর রহমান মাছুম।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দাউদ হোসেন চৌধুরী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনায় ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) মো. আসাদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএম জহিরুল হায়াত, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির সম্পাদক শাহীর হোসেন পাটওয়ারী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, মতলব উত্তর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী প্রমুখ।