
হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের প্রতিক ধানের শীষ মার্কায় ভোট চেয়ে হাইমচরে ব্যাপক গণসংযোগ করেছেন চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক। গত বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করে বিকেলে স্থানীয় গাজীর বাজারে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এসময় তিনি বলেন, গণতন্ত্রের আন্দোলনকে গতিশীল করতে ধানের শীষ মার্কাকে বিজয়ী করতে হবে। গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে ধানের শীষের প্রার্থীকে অবশ্যই ভোট দিয়ে বিজয়ী করতে হবে। হাইমচরে ধানের শীষের ভোট ব্যাংক রয়েছে। নেতাকর্মীদের নির্ভয়ে ধানের শীষে ভোট দিতে কেন্দ্রে যেতে হবে। কোনো অপশক্তিই বিএনপির বিজয় ঠেকাতে পারবে না।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্যাহ সলিম, যুগ্ম আহ্বায়ক সলিমুল্লাহ সালাম, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রিয় নেতা আবু তাহের পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক অ্যাড. জাহাঙ্গীর হোসেন, জেলা যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, ছাত্রদল সভাপতি ইমাম হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক প্রমুখ।
