চাঁদপুর জেলা সমাজ কল্যাণ পরিষদের অনুদান সুপারিশ ও নিষ্পত্তি সংক্রান্ত সভা


শাহ আলম খান
চাঁদপুর জেলা সমাজকল্যাণ পরিষদ থেকে পৌরসভা ও বিভিন্ন উপজেলার নিবন্ধনকৃত সক্রিয় স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে অনুদান প্রদানের সুপারিশ ও নিষ্পত্তি সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
সভায় ২০১৯-২০২০ অর্থবছরের অনুদান বিষয় সংক্রান্ত কার্যবিবরণী তুলে ধরেন চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার।
বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল ও চাঁদপুর জেলা সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী।
উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহাবুদ্দিন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকরাম চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগমসহ কর্মকর্তাবৃন্দ।
সভায় ২০১৯-২০২০ অর্থ বছরে চাঁদপুর পৌরসভা ও সব উপজেলার নিবন্ধনকৃত সক্রিয় স্বেচ্ছাসেবী সংস্থা, চাঁদপুর জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সের রোগী কল্যাণ সমিতি, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অনুদান ও জেলা সমাজকল্যাণ পরিষদের তহবিল হতে গরিব, অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধী এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্য/অনুদান সুপারিশ ও নিষ্পত্তি সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করা হয়।
জেলা পর্যায় থেকে সুপারিশকৃত অনুদানের বরাদ্দ ঢাকা সমাজকল্যাণ পরিষদ নির্ধারণ করে থাকেন। সেই আলোকে চাঁদপুর থেকে প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে অনুমোদনের জন্য অনুদানের আবেদনপত্রের তালিকা প্রেরণ করা হয়েছে।