
লিবিয়ায় অপহরণকারী চক্রের মূল হোতা মো. দেলোয়ার (৪০) কে পটুয়াখালী থেকে আটক করে চাঁদপুর জেলা ডিবি পুলিশ। -ইল্শেপাড়
স্টাফ রিপোর্টার :
লিবিয়ায় অপহরণকারী চক্রের মূল হোতা মো. দেলোয়ার (৪০) কে পটুয়াখালী থেকে আটক করেছে চাঁদপুর জেলা ডিবি পুলিশ। পুলিশ সুপার শামসুন্নাহারের নির্দেশে ডিবি’র এসআই মো. আহসানুজ্জামান তাকে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার ডোকলাখালি গ্রামের বাড়ি থেকে গত ১৯ ডিসেম্বর আটক করেন।
জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, অপহরণকারী চক্রের নেতা দেলোয়ার আন্তর্জাতিক অপহরণকারী চক্রের সদস্য। দেলোয়ার একজন বাংলাদেশী, কিন্তু লিবিয়ায় অবস্থান করে লিবিয়ার নাগরিক ও বাংলাদেশের আরো পতিপয় বিপথগামী সদস্যদের সহায়তায় নীরিহ শ্রমিক বাংলাদেশীদের জিম্মি করে। লিবিয়ায় নীরিহ শ্রমিকদের জিম্মির পর বিভিন্ন কৌশল অবলম্বন করে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে মুক্তিপনের টাকা সংগ্রহ করে। আটক আসামি দেলোয়ার গত ১৬ অক্টোবর সুকৌশলে বাংলাদেশে এসে আত্মগোপন করে।
লিবিয়ার এ্যাম্বাসিতেও তার বিরুদ্ধে একধিক অভিযোগ হওয়ায় সে মোস্ট ওয়ান্টেড তালিকায় আছে মর্মে লিবিয়ার এ্যাম্বাসির সাথে যোগাযোগ করে জানা যায়। আটক আসামি আনোয়ার বিপথগামী কিছু বাংলাদেশী ও লিবিয়ার সন্ত্রাসী গোষ্ঠির যোগসাজশে লিবিয়ায় অবস্থান করাকালে অনেক নিরিহ বাংলাদেশী শ্রমিককে অপহরণ করে চাঁদা দাবি করে বিভিন্ন কৌশল গ্রহণ করেছে। যা লিবিয়ায় বাংলাদেশের সুনাম মারাত্মকভাবে ক্ষুণœ হয়েছে।
আটক দেলোয়ারের বিরুদ্ধে লিবিয়ায় অবস্থানরত মারুফের ভাই রুবেল বাদী হতে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ঐ মামলার ভিকটিম মারুফকেও একইভাবে সে ও আসামি শাওন লিবিয়ার সন্ত্রাসী গোষ্ঠির সহায়তায় আটক রেখে অমানুষিক নির্যাতন করে তা ইমো এ্যাপ’র মাধ্যমে ভিডিও কল করে দেখিয়ে মামলার বাদীর কাছ থেকে ৯,৩০,০০০/- (নয় লক্ষ ত্রিশ হাজার) টাকা মুক্তিপণ আদায় করেছে।
আটক দেলোয়ারকে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ডে আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিকে রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে।
