স্টাফ রিপোর্টার
চাঁদপুর-নারায়ণগঞ্জ নৌ-রুটে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ)। চাঁদপুর-নারায়ণগঞ্জ নৌ-রুটে চলাচলকারী ১৬টি লঞ্চের মধ্যে ১৩টিই ত্রুটিপূর্ণ হওয়ায় মঙ্গলবার (২২ মার্চ) থেকে ঘোষণা দিয়ে কর্তৃপক্ষ লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন।
বিভিন্ন স্থান থেকে চাঁদপুর নৌ-টার্মিনালে আসা শত-শত যাত্রীরা হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। লঞ্চ চলাচল বন্ধের বিষয়ে যাত্রীরা কর্তৃপক্ষের এমন উদাসীনতায় মারাত্মক ক্ষোভ প্রকাশ করেন।
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনার পর গত সোমবার (২১ মার্চ) সকাল ৬টা থেকে এই নৌ-রুটে আংশিক লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল।
এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ করায় যাত্রীরা চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে। গতকাল মঙ্গলবার সকালের পর চাঁদপুর লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, চাঁদপুর-নারায়ণগঞ্জের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
এ সময় নৌ-টার্মিনালে অবস্থান করে থাকা অসংখ্য যাত্রী রয়েছে। তখন অবস্থান করা যাত্রীরা জানান, তারা লঞ্চ চলাচল বন্ধ বিষয়টি জানেন না। যার ফলে তাদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীরা লঞ্চ ঘাটে এসে ফেরত যাচ্ছেন।
চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটের লঞ্চ মালিক প্রতিনিধি রুহুল আমিন হাওলাদার জানান, শীতলক্ষ্যা নদীতে লঞ্চ ডুবির পর থেকে হঠাৎ করে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে সোমবার থেকে এ রুটের ১৬টি লঞ্চের মধ্যে নিয়মিত চলাচলকারী ১৩টি লঞ্চ চলাচল করেনি সেসব লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে যাত্রীদের মারাত্মক সমস্যায় পড়তে হয়েছে। বিকল্প হিসেবে অনেকেই সড়কপথে যাতায়াত করে চাঁদপুর-নারায়ণগঞ্জ যাচ্ছে।
চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা একেএম কায়সারুল ইসলাম বলেন, চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সবক’টি লঞ্চের বড় ধরনের নানা রকম মারাত্মক ত্রুটি রয়েছে। এসব লঞ্চ পরীক্ষা-নিরীক্ষার পর বিআইডব্লিটিএ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে কোন কোন লঞ্চ কখন কোন সময় চলাচল করবে।
২৩ মার্চ, ২০২২।
