চাঁদপুর প্রেসক্লাবে পৌর মেয়রের মতবিনিময়

 

স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, চাঁদপুর পৌরসভার দরজা সবার জন্য উন্মুক্ত। চাঁদপুর পৌরসভার যেকোনো নাগরিকদের জন্য তাঁর দরজা খোলা রয়েছে। পৌর সেবা গ্রহণে সরাসরি পৌর নাগরিকরা তাঁর সাথে কথা বলতে পারবেন এবং পৌরসভার কাউন্সিল, কর্মকর্তা-কর্মচারীরা সততার মধ্যে কাজ সম্পন্ন করার কথা বলেন। বিদ্যুৎ অপচয় রোধ, পানি সংযোগ ব্যবস্থা ও কর পরিশোধ, রাস্তা-ঘাট উন্নয়ন, সড়ক নির্মাণ ও বিপণীবাগ বাজার সংস্কার করার উদ্যোগ গ্রহণ করার কথা বলেন।
গত সোমবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ইকবাল পাটোয়ারী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক রহিম বাদশা।
পৌর মেয়র পৌরসভার বিভিন্ন খাতের ব্যয় সংকোচন ও অনাদায়ী রাজস্ব আদায়ের কথা উল্লেখ করে বলেন, গত ৩ মাসে পৌরসভার স্কুল সরকারিকরণে উদ্যোগ গ্রহণ, বিদ্যুৎ ও পানি অপচয় রোধ ও বকেয়া বিল পরিশোধের ব্যবস্থা গ্রহণ, চাঁদপুর পৌরসভার অভ্যন্তরে শৌচাগার নির্মাণ, লেকের পাড়ের সৌন্দর্য্যবর্ধন, শহরের যানজট নিরসনে উদ্যোগ, বিপণীবাগ বাজার সংস্কার করা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এসময় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক জালাল চৌধুরী, কাজী শাহাদাত, শহীদ পাটওয়ারী, শরীফ চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, এএইচএম আহসানউল্লাহ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, যুগ্ম-সাধারণ সম্পাদক মুনির চৌধুরী, আবদুল আউয়াল রুবেল, একে আজাদ, তালহা জুবায়ের ও মো. জাকির হোসেনসহ আরো অনেকে।
০৩ ফেব্রুয়ারি, ২০২১।