চাঁদপুর মুক্ত দিবস ও স্বাধীনতার ৪৯তম বছরে ৪৯টি মোমবাতি প্রজ্জ্বলন

মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে

স্টাফ রিপোর্টার
৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবস ও স্বাধীনতার ৪৯তম বছরে ৪৯টি মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে সূচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আজ চাঁদপুরবাসীর জীবনে এক ঐতিহাসিক দিন। আজ চাঁদপুর মুক্ত দিবস। সর্বকালের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা আজ উপস্থিত আছেন। মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতার দর্শন ছড়িয়ে দিতে জাতির জনকের জন্ম শতবার্ষিকী। সমস্ত অন্ধকার দূর করে জাতির পিতার সোনার বাংলা গড়ে তুলবো।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তিনি বলেন, আজকের এ দিনে জাতির জনক বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে শহীদ সব বীর সেনাদের স্মরণ করছি। বিজয় মেলার মঞ্চের আলোকবর্তিকার মাধ্যমে মাসব্যাপী মেলা চলতে থাকবে। স্বাধীনতার স্মরণগাঁথাকে আমরা সবাই আজ একত্রিত হয়েছি। সবাই বিজয় মেলার মাধ্যমে ইতিহাসকে স্মরণ করবো- এ হোক প্রত্যয়।
মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহাসচিব হারুন আল রশীদের পরিচালনায় উপস্থিত ছিলেন মিত্রবাহিনীর ট্যাংক নিয়ে প্রবেশ করা যুদ্ধকালীন সংগঠক জীবন কানাই চক্রবর্তী, বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধারা, বিজয় মেলা স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মহসিন পাঠান, স্মৃতিচারণ পরিষদের সদস্য সচিব মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টার, প্রধান সমন্বয়কারী মুক্তিযোদ্ধা ছানা উল্যা, সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক তপন সরকার, মাঠ ও মঞ্চের আহ্বায়ক ইয়াহিয়া কিরন, যুগ্ম-আহ্বায়ক মানিক দাসসহ মেলা কমিটির বিভিন্ন পরিষদের সদস্যরা।