চাঁদপুর লঞ্চঘাটের পন্টুন হকারমুক্ত করলো মডেল থানা পুলিশ

স্টাফ রিপোর্টার
চাঁদপুরের লঞ্চঘাটের পন্টুনে অবস্থানরত বিভিন্ন ভ্রাম্যমাণ দোকান ও হকারমুক্ত করলো মডেল থানা পুলিশ। গত শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে আগে বেঁধে দেয়া লঞ্চঘাটের পন্টুনে ভ্রাম্যমাণ দোকানপাট সড়ানোর আল্টিমেটাম অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন।
গত ১০ জানুয়ারি চাঁদপুরে লঞ্চঘাটে যাত্রী হয়রানি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে মডেল থানা পুলিশের গণসচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে।
আদালতের নির্দেশনা অনুযায়ী চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশীদসহ কর্মকর্তারা লঞ্চঘাট পরিদর্শন করেন এবং লঞ্চঘাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনা করেন।
এসময় লঞ্চঘাটে যাত্রী হয়রানি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে কিছু আল্টিমেটাম প্রদান করা হয়।
ইজারাদার তার সংশ্লিষ্ট শ্রমিকদের (ভারবাহী কুলি) নির্ধারিত ড্রেস পরিধান এবং অতিরিক্ত টোল যেন আদায় না হয় সে ব্যাপারে নির্দেশ প্রদান করেন। লঞ্চঘাটের পন্টুনের মধ্যে কোন প্রকার হকার/দোকান থাকবে না। সিএনজি চালকরা নির্ধারিত ড্রেসের গাড়ি পরিচালনা করবেন এবং কোন অবস্থাতেই যাত্রী হয়রানি করবেন না। সিএনজি গাড়ির জন্য লগবুক/রেজিস্টারের ব্যবস্থা করতে হবে। সিএনজি ড্রাইভার লাইসেন্স/এনআইডি কার্ড গলায় ঝুলিয়ে রাখতে হবে।
এসময় ১৫ জানুয়ারির মধ্যে সকল নির্দেশনা বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় শনিবার অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন সময়ে চাঁদপুর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন জানান, লঞ্চঘাট ও পন্টুনে যাত্রী চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে পন্টুনে অবস্থানরত ভ্রাম্যমাণ দোকান ও হকারদের উচ্ছেদ করা হয়েছে। এর আগে ভ্রাম্যমাণ দোকানদার ও হকারদের সতর্ক করা হয়েছিলো।
১৮ জানুয়ারি, ২০২১।