ফরিদগঞ্জ পৌর আ.লীগের বিশেষ সভায় আবুল খায়ের পাটওয়ারী
ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনকে নৌকার বিজয়ে নিশ্চিতে পৌর আওয়ামী লীগ বিশেষ বর্ধিত সভা করেছে। গত শনিবার (১৬ জানুয়ারি) বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন দিদারের
সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এবং বর্তমান পৌর মেয়র মাহফুজুল হকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়া ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
এসময় তিনি বলেন, শেষ বয়সে এসে দল আমাকে মূল্যায়ন করায় আমি চিরকৃতজ্ঞ। ইতোপূর্বে আমি বিভিন্ন সময়ে সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মেয়র পদে মনোনয়ন চেয়েছি। এতদিন মনোনয়ন না পেলেও দলের জন্য কাজ করেছি। এবার দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করেছেন। আশা করছি দলের সব নেতাকর্মীকে নৌকার প্রতি সম্মান দেখিয়ে আবারো ফরিদগঞ্জে নৌকার বিজয় নিশ্চিত করবেন।
এসময় তিনি বর্তমান মেয়র মাহফুজুল হকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, দলীয় মনোনয়ন না পেয়ে যার সবচেয়ে বেশি কষ্ট পাওয়ার কথা ছিল, সেই মাহফুজ আজ নিজে এসে নৌকার বিজয় নিশ্চিত করতে মাঠে নেমেছে। অন্যরা আশা করছি তার থেকে শিক্ষা নিয়ে রোববার থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থেকে বিজয় নিশ্চিত করবেন। আমি সারাজীবন দলের জন্য কাজ করেছি। আজ দল আমাকে মূল্যায়িত করেছে, এটাই জীবনের পরম পাওয়া।
মেয়র মাহফুজুল হক নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করার জন্য উপস্থিত সবাইকে পবিত্র কোরআনের শপথ করান। এর আগে তিনি তার বক্তব্যে বলেন, দল আমার চেয়ে যোগ্য ব্যক্তি হিসেবে মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী দলীয় মনোনয়ন দিয়েছে। এতে আমার কোন দুঃখ নেই, বরং তার বিজয় নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর। আশা করছি আমি গত ৫ বছরে যেই উন্নয়ন করেছি তা আগামি ১৪ ফেব্রুয়ারি নির্বাচনে বিশাল জয়ের জন্য ভূমিকা রাখবে। এসময় দলের জন্য কাজ করতে মাঠে নামায় নেতাকর্মীদের ধন্যবাদ জানান। তিনিও সবাইকে এতদিন পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান তালুকদার, উপজেলা ওলামা লীগের সভাপতি অধ্যক্ষ মাও. মিজানুর রহমান খন্দকার, পৌর আওয়মাী লীগের সহ-সভাপতি শ্যামলাল দাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ।
১৮ জানুয়ারি, ২০২১।
