মাস্কের উপর অভিযান করার সময়
স্টাফ রিপোর্টার
মাস্ক না পরে বাইরে বের হওয়ায় চাঁদপুর শহরে ১৬ জন ব্যক্তিকে ১ হাজার ৬শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (০১ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার শম্পা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় দুই ছিনতাইকারীকে আটক করে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, করোনা সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার ও জনসচেতনতা নিশ্চিত করতে চাঁদপুর জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসমূহে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের নির্দেশনা। এ সময় মাস্ক না পরে বাইরে বের হওয়া মানুষজনকে বিভিন্ন অংকের ১৬ টি মামলায় ১ হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি আরো বলেন, অভিযান চলাকালে দেখা গেছে অনেকেরই মাস্ক থাকলেও তারা তা ব্যবহার না করে পকেটে রেখেছেন। আবার অনেকেই মাস্ক ব্যবহার না করেই গণপরিবহনে যাতায়াত করছেন। করোনার সংক্রমণ বিস্তার প্রতিরোধে ও জনসচেতনতা বাড়াতেই এ অভিযান চলমান থাকবে।
অপরদিকে শহরের ইলিশ চত্বর (সাবেক বাসস্ট্যান্ড) এলাকায় মাস্কের উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় মাস্ক ছাড়া অযথা রাস্তায় ঘুরাঘুরি করার কারণে শাকিল খান (২০) ও মো. সোয়েব খান (২১) কে জিজ্ঞাসাবাদ করার সময় তাদের দুই জনের কথাবার্তা এলোমেলো বলার কারণে সন্দেহ সৃষ্টি হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার শম্পার। তাৎক্ষণিক ব্যাটালিয়ন আনসার সদস্যদের ব্যাগ তল্লাশি করার জন্য নির্দেশ প্রদান করেন। ব্যাগ তল্লাশি করে তাদের দু’জনের কাছ থেকে নগদ ১৬০০ টাকা, সিজার, ইলেক্ট্রিক গান (৫০০০ ভোল্টেজ) যা দিয়ে মানুষকে ইলেক্ট্রিক শক্ দেয়া হয়, ৪টি মেমোরি কার্ড, পাঁচটি মোবাইল, পাঁচটি মেস লাইট, একটি জ্যাকেট, একটি ব্যাগ, ১০ গ্রাম গাঁজা, গাঁজা সেবন করার কল্কি, ১০ গ্রাম সাদা পাতাসহ আটক করা হয়। পরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে জানালে এসআই ইসমাইল হোসেন ঘটনাস্থলে এসে আটক মালামাল জব্দ করেন। পরে দুই ছিনতাইকারীকে মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
এসআই ইসমাইল জানান, দুই জন ছিনতাইকারীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।
০২ ডিসেম্বর, ২০২০।
