মতলব উত্তর উপজেলা আ.লীগের কমিটি বিলুপ্ত

স্টাফ রিপোর্টার
মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়েছে। মঙ্গলবার (০১ ডিসেম্বর) জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি বিলুপ্ত করা হয়।
পত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের বর্তমান কার্যকরী কমিটির মেয়াদকাল বহু আগে উত্তীর্ণ হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের দায়িত্বপ্রাপ্ত প্রধান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম এমপি ও সাংগঠনিক টিমের সমন্বয়ক ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপির নির্দেশক্রমে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের বর্তমান মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
পত্রে আরো জানা যায়, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের লক্ষ্যে মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে আহ্বায়ক এবং জাহাঙ্গীর আলম মাস্টার, আলাউদ্দিন সরকার ও মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান মাস্টারকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হলো।
০২ ডিসেম্বর, ২০২০।