হাজীগঞ্জে ১০ টাকার লোভ দেখিয়ে শিশু অপরহণ, পরে উদ্ধার

শিশুটি বড় হওয়ায় বিক্রি করতে পারেনি অপহরণকারী

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে অপহরণের মাত্র ১৫ ঘণ্টার মধ্যেই অপহৃত ৩ বছরের শিশু সাজ্জাদকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে লক্ষ¥ীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড থেকে উদ্ধার এবং অপহরণকারী দলের সদস্য লিমাকে (২৬) আটক করে হাজীগঞ্জ থানা পুলিশ। শিশু সাজ্জাদ হাজীগঞ্জ পৌরসভাধীন ৫নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের রিক্সাচালক জাহাঙ্গীরের ছেলে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির সামনে থেকে মাত্র ১০ টাকার লোভ দেখিয়ে শিশু সাজ্জাদকে হাজীগঞ্জ বাজারে নিয়ে আসে দুইজন অপরিচিত নারী। এরপর থেকে তার সন্ধান পাওয়া যায়নি। রাতেই অপহৃত শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হলে পুলিশ তৎপর হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণের মাত্র ১৫ ঘণ্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
সাজ্জাদের মা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির সামনে খেলাধুলা করছিলো শিশু সাজ্জাদ। এ সময় ২জন অপরিচিত নারী ১০ টাকার লোভ দেখিয়ে তার সন্তানকে বাজারে নিয়ে যায়। পরবর্তীতে শিশুর কোন সন্ধান না পেয়ে হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়। রাতেই থানারএসআই মো. সুমন মিয়া হাজীগঞ্জ বাজারের বিভিন্ন স্থানের ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) ফুটেজ দেখে অহরণকারীকে চিহ্নিত করে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে রামগঞ্জ বাসস্ট্যান্ড থেকে অপহৃত শিশু সাজ্জাদকে উদ্ধার ও অপহরণকারি লিমাকে আটক করা হয়। আটক লিমা জানায়, তার বাড়ি কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকা। তার সাথে পারভিন নামে আরেকজন নারী ছিল। রাতে কয়েকটি স্থানে সাজ্জাদকে বিক্রির চেষ্টা করে তারা। কিন্তু সাজ্জাদ বড় হওয়ায় এবং কান্নাকাটি করায় তাকে বিক্রি করতে পারিনি।
হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগির হোসেন রনি। তিনি বলেন, শিশু সাজ্জাদকে উদ্ধারে রাত থেকে এসআই সুমনসহ হাজীগঞ্জ থানার কয়েকটি টিম কাজ করেছে। এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
২৭ ডিসেম্বর, ২০২০।