ইউনিয়ন পরিষদকে সঠিকভাবে পরিচালনা করলে সব ক্ষেত্রে উন্নয়ন তরান্বিত হবে……..শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি
এস এম সোহেল
চাঁদপুর সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ৯ চেয়ারম্যান ও ১০৮ জন মেম্বারের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষ ও বেলা ১২টায় সদর উপজেলা অডিটোরিয়ামে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারনম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। শপথগ্রহণ শেষে শিক্ষামন্ত্রী নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করে নেন।
শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন, ইউনিয়ন পরিষদের আওতায় রাষ্ট্রের সব কাজ রয়েছে। কাজেই চেয়ারম্যানরা নিজ নিজ ইউনিয়ন পরিষদকে সঠিকভাবে পরিচালনা করতে পারলে দেশের সব ক্ষেত্রে উন্নয়ন তরান্বিত হবে। ইউনিয়ন পরিষদ দেশের উন্নয়নের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, তাই আপনারা ভোটে নির্বাচিত হয়েছেন। ভোটারের ভোটের মর্যাদা রাখবেন বলে আশা করি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন, যে কোন প্রযুক্তির ভালো-মন্দ সবদিকই আছে। আমাদের প্রযুক্তিবান্ধব ও দক্ষ হতেই হবে। যুগের চাহিদা এবং আমাদের ভবিষ্যতের চাহিদা তাই। সেজন্যই আমাদের শিশুদের একদম শৈশব থেকেই প্রযুক্তির সঙ্গে পরিচিত করতেই হবে। এখনতো কোডিং, প্রোগ্রামিং শিখাতে হবে কম বয়স থেকে। তা নাহলে এই চতুর্থ শিল্প বিপ্লবে তারা টিকেও থাকতে পারবে না। অথচ আমরা চাই তারা চতুর্থ শিল্প বিপ্লবের সফল অংশীদার হবে। সেই কারণে অবশ্যই প্রযুক্তি লাগবে। কিন্তু শিক্ষক, অভিভাবক সবারই একটা নজরদারির ব্যাপার আছে। এটিতো থাকতেই হবে। আমরা যেমন পড়াশোনার ক্ষেত্রে নজরদারি তেমনি করে তারা প্রযুক্তি ব্যবহার যখন পড়াশোনা করছে সেখানেও একটা নজাদারির বিষয় আছে। কাজেই আমাদের দায়িত্ব আমাদের পালন করতে হবে।
শপথ নেওয়া চাঁদপুর সদর উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারমানরা হলেন- বিষ্ণুপুর ইউনিয়ন চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম, আশিকাটি ইউনিয়ন চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, রামপুর ইউনিয়ন চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, মৈশাদী ইউনিয়ন চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী, তরপুরচন্ডি ইউনিয়ন চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, বাগাদী ইউনিয়ন চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল, বালিয়া ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল্লাহ মাস্টার ও চান্দ্রা ইউনিয়ন চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী।
চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দাউদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের পরিচালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারনম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান প্রমুখ।
নবনির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন বাগাদী ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন গাজী বিল্লাল।
এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদ আলম মিল্টন, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বার মিয়াজী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী, চাঁদপুর পৌর যুবলীগের আহ্বায়ক কাউন্সিলর আব্দুর মালেক শেখ, যুগ্ম-আহ্বায়ক কাউন্সিলর মো. সফিকুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শিমুল হাসান শামনু, তাজুল ইসলাম মিয়াজী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ আরো অনেকে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা প্রশাসক কার্যালয় মসজিদের ইমাম মেহেদী হাসান ও গীতা পাঠ করেন জেলা প্রশাসক কার্যালয়ের উচ্চমান সহকারী বিমল চন্দ্র দে।
পরে বেলা ১২টায় চাঁদপুর সদর উপজেলার অডিটোরিয়ামে চাঁদপুর সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ১০৮ জন মেম্বারকে শপথ বাক্য পাঠ করান চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর ২য় ধাপে চাঁদপুর সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ঐ নির্বাচনে সবক’টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা বিজয়ী হন।
৩০ ডিসেম্বর, ২০২১।
