চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষের অবসরগ্রহণ

উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান বাড়াতে হবে
……প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন



স্টাফ রিপোর্টার
চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন বলেছেন, মার্চ মাস আমাদের জাতীয় জীবনে অনেক গুরুত্ব বহন করে। ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবু রহমানের জন্মদিন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। ২৬ মার্চের আগের রাতটি হচ্ছে কালো রাত অর্থাৎ দেশের মেধাবিদের এইদিন হত্যা করা হয়েছিলো। এতো কিছুর মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন দেশ পাওয়ার কারণে শিক্ষা-দিক্ষায় সব দিক দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।
গতকাল রোববার বিকেলে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে অবসরজনিত কারণে দায়িত্ব হস্তান্তরকালে উপস্থিত শিক্ষকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ২০১২ সালে এই কলেজে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করি। সেই হিসেবে এই কলেজে আমার কর্মকাল ৭ বছর ৭ মাস ৭ দিন। আমার জীবনের একটি সুবর্ণ সময় এই কলেজে কেটেছে। আমি দোয়া করি আপনারা সবাই এই কলেজের শীর্ষস্থান নিশ্চিত করতে পারেন। আমার আর কোন প্রাপ্তির কিছুই নেই। সব কিছুই পেয়েছি। আপনারা আমাকে অনেক সহযোগিতা করেছেন। তেমনিভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ উনাকেও এখন থেকে সহযোগিতা করবেন।
তিনি বলেন, আমাদের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কলেজের অবকাঠামগত অনেক উন্নয়ন কাজ এনে দিয়েছেন। যার ফলে কলেজের অনেক উন্নয়ন কাজ হয়েছে। যার কারণে শিক্ষার ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। শুধুমাত্র অবকাঠামগত উন্নয়ন হলে চলবে না। পাশাপাশি শিক্ষার মানও বৃদ্ধি করতে হবে। একজন শিক্ষকের যে গুণাবলী তা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।
প্রফেসর দেলওয়ার হোসেন বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ আমার ছোট ভাই। কারণ আমরা দু’জনেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়েছি। তিনি চাঁদপুর কলেজের ছাত্র এবং চাঁদপুরেরই সন্তান। যে কারণে আজকের দিনটি খুবই স্মরণীয় দিন। আমি এই কলেজে যতদিন দায়িত্ব পালন করেছি সবাই আমাকে সহযোগিতা করেছেন। আমার কাজের মধ্যে ত্রুটি থাকতে পারে, আমি কখনো সঠিকভাবে আমার কাজটি করতে পারিনি। তারপরেও আমরা সকলে একই সূত্রে গাঁথা হিসেবে কাজ করেছি। এখানে যারা শিক্ষকতা করছেন একেকজনের বাড়ি একেক জেলায়। তারপরেও চাঁদপুরবাসী আমাদের খুবই সুন্দরভাবে গ্রহণ করেছেন।
পরে অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশকে ফুল দিয়ে বরণ করেন এবং অধ্যক্ষের দায়িত্ব বুঝিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামান, বাংলা বিভাগের প্রধান প্রফেসর মো. আজিম উদ্দিন, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. জসিম উদ্দিন আহমেদ, পদার্থ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইফতেখার উদ্দিন খান, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. শওকত ইকবাল ফারুকী, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন, ইসলামিক ও আরবি বিভাগের সহযোগী অধ্যাপক হাফেজ মো. রুহুল আমিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. রফিক উল্যাহ, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আজহারুল ইসলাম ভুঁইয়া, ইসামের ইতিহাস ও সাংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হাবিুবর রহমান মিয়া, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন অর রশিদ, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. বেদারুল আলম, গনিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. আনিছুল ইসলাম, উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামরুল ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আলী আজগর ফকির, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মো. খলিলুর রহমান, সমাজকল্যাণ বিভাগের সহযোগী অধ্যাপক মো. আলাউদ্দিন, সহকারী অধ্যাপক হাসান শাহরিয়ার, বজন কুমার সাহা, আব্দুল কুদ্দুছ, বাংলা বিভাগের প্রভাষক ফাতেমা আক্তার, প্রভাষক কামরুন্নাহার, আরিফ উল্যাহ প্রমুখ।