সুহিলপুর উবি’র ৫ শতাধিক ছাত্রীকে স্যানিটারি ন্যাপকিন বিতরণ


সমৃদ্ধ দেশ গঠনে সুস্থ ও শিক্ষিত মায়ের বিকল্প নেই
………….ইউএনও বৈশাখী বড়ুয়া


মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ৫ শতাধিক ছাত্রীকে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীদের মাঝে এই স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুনের ব্যক্তিগত এবং বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ছাত্রীদের মাঝে এই স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। এর আগে ‘নিরাপদ মাতৃত্বে টেকসই উন্নত বাংলাদেশ’ শ্লোগানে কিশোরীদের বয়সন্ধিকালীন পুষ্টিজ্ঞান, স্বাস্থ্য ও মানসিক সুরক্ষা নিশ্চিতকরণ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় ছাত্রীদের উদ্দেশে দিক-নির্দশনামূলক বক্তব্য রেখে বৈশাখী বড়ুয়া বলেন, সমৃদ্ধ দেশ গঠনে সুস্থ ও শিক্ষিত জাতীর প্রয়োজন। আর সুস্থ ও শিক্ষিত জাতি গঠনে সুস্থ ও শিক্ষিত মায়ের বিকল্প নেই। সে জন্য মায়ের সুস্বাস্থ্য ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে হবে। মায়ের সুস্বাস্থ্য, শিক্ষা ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে, মেয়েদের (কিশোরী) প্রতি গুরুত্ব দিতে হবে।
তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, ছেলে ও মেয়ের প্রতি সমান এবং সুুুুদৃষ্টি দিতে হবে। তার পাশাপাশি মেয়ের প্রতি বিশেষ নজর রাখতে হবে। কারণ, এই মেয়ের মাধ্যমেই আপনার-আমার ভবিষ্যৎ প্রজন্ম। তারা সুস্থ ও শিক্ষিত হলে আগামি প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত হবে। এতে মাতৃমৃত্যু, শিশু মৃত্যু, বাল্যবিবাহ রোধ হবে। এতে করে পরিবার ও সমাজের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন হবে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রোটা. আহসান হাবিব অরুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইফফাত রুবাইয়া নাসির, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুর্নিমল দেউড়ী প্রমুখ। এছাড়া বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন টিটু।
এসময় হাজীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান টুটুল, সাপ্তাহিক হাজীগঞ্জের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন আল আজাদ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফসহ বিদ্যালয়ের শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।