চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদ ধসে মা ও নবজাতক আহত

স্টাফ রিপোর্টার
চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ছাদ ধসে মাসহ নবজাতক গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় হাসপাতালের তৃতীয় তলায় শিশুদের কেএমসি কর্নারে এ দুর্ঘটনা ঘটে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে মা ও নবজাতক। আহত তাসকিয়া (২৭) চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফারাক্কাবাদ গ্রামের রায়েস সরদারের স্ত্রী। এ ঘটনায় আহত হয় সদ্য নবজাতকও।
হাসপাতালের শিশু ওয়ার্ড সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ প্রসব ব্যাথা নিয়ে চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি হন তাসকিয়া। নবজাতক জন্ম নেওয়ার পর তাদের শিশু ওয়ার্ডের কেএমসি কর্নারে আলাদাভাবে রাখা হয়। হঠাৎ সন্ধ্যায় ওয়ার্ডের একপাশের ছাদ ধসে মা ও নবজাতক আহত হয়। এর মধ্যে আহত তাসকিয়ার মাথায় মারাত্মক জখম হয়। তবে কেএমসি কর্নারে অন্য রোগী না থাকায় আর কেউ আহত হয়নি। মা ও নবজাতক শঙ্কামুক্ত রয়েছে বলে জানান কর্তব্যরত নার্সরা।

০১ এপ্রিল, ২০২২।