ফরিদগঞ্জে আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন

ফরিদগঞ্জ ব্যুরো
স্ত্রীর দায়ের করা মামলা ও আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে মৃত্যুর ৫ মাস পর কবর থেকে আরিফ হোসেন (৩০) নামে এক লাশ উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে ফরিদগঞ্জ উপজেলার চর-দুঃখিয়া পশ্চিম ইউনিয়নের চরচুন্নি পাটোয়ারী বাড়ির কবরস্থানে এই লাশ উঠানো হয়। এসময় কুমিল্লা সিআইডি পুলিশ ও চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ডিসেম্বর মাসে কুমিল্লা এলাকায় সড়ক দুর্ঘটনায় আরিফ হোসেন মারা যান। আরিফের মৃত্যুর ঘটনাটি রহস্যজনক হওয়ার কারণে তার স্ত্রী ইরানী আক্তার বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। পরে আদালত ইরানীর আবেদন গ্রহণ করে লাশের পুনঃময়নাতদন্তের জন্য লাশ উত্তোলনের নির্দেশ দেন। সে মোতাবেক গতকাল বৃহস্পতিবার সকালে কুমিল্লা সিআইডি পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম ও চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ফরিদগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন ফরিদগঞ্জ উপজেলার আরিফের বাড়ির পারিবারিক কবরস্থান থেকে লাশ উত্তোলন করেন। আরিফের স্ত্রীর ইরানী আক্তারের দাবি, স্বামীকে মেরে ফেলা হয়েছে।
এ ব্যাপারে সিআইডি পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে রিপোর্ট আসলে বুঝা যাবে হত্যা, না অন্য কিছু।

০১ এপ্রিল, ২০২২।