চাঁদপুর সিটিজেন এডভোকেসি ফোরামের কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে সোমবার (৩০ নভেম্বর) অনলাইন জুমের এক ভার্চুয়াল সভায় চাঁদপুর জেলা সিটিজেন এ্যাডভোকেসি ফোরামের এ্যাডহক কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত সবার মতামত ও পরামর্শক্রমে মুনির চৌধুরী, আবু নাসের পাটোয়ারী বাচ্চু, অ্যাড. মোহাম্মদ মহসিন খান, অধ্যাপক মাসুদা নূর খান এবং অ্যাড. শিরিন সুলতানা মুক্তা এই ৫ জনের সমন্বয়ে একটি সমন্বয়ক প্যানেল গঠন করা হয়। এই সমন্বয়ক পরিষদ আগামি ১ মাসের মধ্যে সর্বজন গ্রহণযোগ্য ও অন্তর্ভূক্তিমূলক একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। চাঁদপুর সিটিজেন এ্যাডভোকেসি ফোরাম মূলত প্রধান প্রধান রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, যুব সংগঠন, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি ফোরাম যা জেলার রাজনৈতিক দলসমূহের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতি স্থাপন, স্থানীয় রাজনীতিতে যুব ও নারী নেতৃত্বের অংশগ্রহণ নিশ্চিতকরণসহ বিভিন্ন নাগরিক সমস্যায় কাজ করবে।
এ সময় সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আরটিভি’র স্টাফ রিপোর্টার সাংবাদিক শরীফ চৌধুরী, জেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, জেলা আইনজীবী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. বদরুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হযরত আলী, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, চাঁদপুর পৌর আওয়ামী লীগ মহিলা বিষয়ক সম্পাদিকা রেবেকা সুলতানা বকুল, চাঁদপুর পৌর মহিলা দল সাধারণ সম্পাদক নাহিদা রহমান সেতু, ভিভিয়ান ঘোষসহ জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, জেলা জাতীয় পার্টির তরুণ ও সিনিয়র নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক সংগঠন প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
এছাড়া চাঁদপুর জেলার প্রধান প্রধান রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে একটি শক্তিশালী উপদেষ্টা কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহিত হয়, যে কমিটি স্থানীয় রাজনৈতিক দলসমূহের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্য স্থাপনে কাজ করবেন। অনুষ্ঠানটি ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের উদ্যোগে ইউএসএইড ও ইউকেএইড’র সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
০১ ডিসেম্বর, ২০২০।