এ পর্যন্ত ১০৫টি মামলায় প্রায় ২০ হাজার টাকা জরিমানা
মোহাম্মাদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি না মানায় ১৫টি মামলায় ১৫ জনকে এক হাজার ৬শ’ ৪০টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। করোনাভাইরাস দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জনসাধারণের মাস্ক পরিধান নিশ্চিতকরণে সোমবার (৩০ নভেম্বর) দুপুরে তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন আলীগঞ্জ বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
গত ১০ নভেম্বর থেকে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাজীগঞ্জ উপজেলায় এ পর্যন্ত ১০৫টি মামলায় ১০৫ জনকে মোট ১৯ হাজার ৯শ’ ৬০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক পরিধান না করায় এই জরিমানা করা হয়। এর ধারাবাহিকতায় এদিন (সোমবার) দুপুরে আলীগঞ্জ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
এর আগে গত ২৪ নভেম্বর দুপুরে হাজীগঞ্জ বাজার এলাকায় মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি না মানায় ১৩ জনকে তিন হাজার ৯শ’ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। একই অপরাধে ২২ নভেম্বর দুপুরে পৌরসভাধীন আলীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩টি মামলায় ১৩ জনকে মোট ২ হাজার ৬০ টাকা জরিমানা করেন তিনি।
এছাড়া মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি না মানায় গত ১৯ নভেম্বর হাজীগঞ্জ পশ্চিম বাজারে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে চলাচলকৃত বিভিন্ন পরিবহনের চালকসহ ১৩ জন যাত্রীকে ২ হাজার ৮শ’ টাকা জরিমানা করা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।
এর আগে তিনি একই অপরাধে গত ১৮ নভেম্বর উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের চেঙ্গাতলী বাজারে ৯ জনকে ১ হাজার ৮শ’ টাকা জরিমানা, ১৭ নভেম্বর পৌরসভাধীন আলীগঞ্জ বাজারে ১৭ জনকে ৩ হাজার ১শ’ ৬০ টাকা জরিমানা, ১২ নভেম্বর হাজীগঞ্জ বাজারে ১৫ জনকে ৩ হাজার টাকা জরিমানা এবং ১০ নভেম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর বাজারে ১০ জনকে মোট ১ হাজার ৬শ’ টাকা জরিমানা করেন।
০১ ডিসেম্বর, ২০২০।
