চাঁদপুর হকার্স মার্কেটে ১৬ লাখ টাকার অ্যান্ড্রয়েড মোবাইল চুরি

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের রেলওয়ে হকার্স মার্কেটের মোবাইল মেলা দোকান থেকে বিভিন্ন কোম্পানীর ৮৮টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট চুরি করেছে চোরের দল। চুরি হওয়া ৮৮টি মোবাইল সেটের মূল্য মোট ১৫ লাখ ৭২ হাজার ৫শ’ ৫৭ টাকা। তবে চুরি কাজে ব্যবহৃত কিছু মালামাল জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর ১২টায় চুরির ঘটনার খবর শুনে পরিদর্শনে আসেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহীউদ্দিন, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ, এসআই মো. শাহরিন ও এসআই রাজন।
এসময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, হকার্স মার্কেট মালিক সমিতির সভাপতি আজিজ খান দুদু, হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন আনুসহ আরো অনেকে।
চুরি হওয়া ৮৮টি মোবাইল সেটের মধ্যে রয়েছে- এমআই কোম্পানির ২৫ পিস মোবাইল সেট ৪ লাখ ২৩ হাজার ৭৬ টাকা, টেকনো ৭ পিস ৮৪ হাজার ৪শ’ ৩০ টাকা, অপো ১৬ পিস ৩ লাখ ৪৭ হাজার, রিয়েলমি ১১ পিস ১ লাখ ৯৯ হাজার টাকা, ইনফিনিক্স ৫ পিস ৭৭ হাজার ৩শ’ টাকা, ভিভো ১৭ পিস ৩ লাখ ১৭ হাজার ৬শ’ ৫৭ টাকা, নকিয়া ১১ পিস ৮ হাজার ১শ’ টাকা, স্যামসাং ৬ পিস ১ লাখ ১৫ হাজার ৯শ’ ৯৪ টাকা।
জানা যায়, সোমবার রাতে দোকান বন্ধ হওয়ার পর থেকে সকালে দোকান খোলার আগ পর্যন্ত যে কোন সময় চোরচক্র মোবাইল মেলা দোকানের চালের টিন খুলে ৮৮টি মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। এসময় দোকানে থাকা সিসি ক্যামেরার তার কেটে দেয় চোর চক্র।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, চাঁদপুর টাওয়ারের নিচতলা ও দোতালা, হকার্স মার্কেটে বেশ কয়েকটি দোকানে পুরাতন মোবাইল ক্রয়-বিক্রয় করা হয়। তাদের সাথে বিভিন্ন স্থানের চোর চক্রের সখ্যতা রয়েছে। চোরাই মোবাইলগুলো ঐ অসাধু ব্যবসায়ীরা ঢাকায় নিয়ে গিয়ে আইএমি নম্বর কেটে নতুন আইএমি নম্বর বসিয়ে মোবাইল সেটগুলো বিক্রি করে থাকেন। তবে মোবাইল মেলা দোকানের চুরির ঘটনাটি পূর্ব পরিকল্পিত।
মোবাইল মেলা দোকানের মালিক মোরশেদ আলম জানান, চুরি হওয়া সবগুলো মোবাইল অ্যান্ড্রয়েড ফোন। ১০১৩ সালেও আমার দোকানে চুরি হয়। আমি ক্ষতিগ্রস্ত। আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চোর চক্রটি আটকের চেষ্টা চলছে।

১৭ আগস্ট, ২০২২।