৫ বাড়ি লকডাউন
নারায়ন রবিদাস
চাঁদপুর সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ফরিদগঞ্জের কিশোরী শারমিন আক্তার (১৪) করোনায় আক্রান্ত ছিলো। শনিবার (২৫ এপ্রিল) তার রিপোর্ট পজেটিভ এসেছে। এমন তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ।
মৃত শারমিনের রিপোর্ট পজেটিভ আসায় ৫টি বাড়ি লকডাউন করার পাশাপশি তার কন্ট্রাক্ট ট্রেসিং করে ওই বাড়ির ৫ জনের নমুনা ও তার সংস্পর্শে আসা ইতোপূর্বে অসুস্থ হয়ে ফরিদগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসাধীন একজনের নমুনা সংগ্রহ করার কাজ চলছে।
জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদগঞ্জের গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পশ্চিম লাড়ুয়া গ্রামের কিশোরী শারমিন আক্তার চিকিৎসাধীন থাকাবস্থায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যায়। এর আগে বুধবার রাত সাড়ে ১২টার দিকে তাকে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। করোনার সন্দেহভাজন রোগী হিসেবে শারমিনকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়েছিলো। তার রিপোর্ট পজেটিভ আসার পর ফরিদগঞ্জ উপজেলা ও থানা প্রশাসন গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পশ্চিম লাড়ুয়া গ্রামের কিশোরী শারমিন আক্তারের বাড়িসহ তার সংস্পর্শে আসা আরো ৪টি মিলে মোট ৫টি বাড়ি লকডাউন করা হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান জানান, শারমিনের মৃত্যুর পর দু’টি বাড়ি ও পরবর্তীতে তার কন্ট্রাক্ট ট্রেসিং করে আরো তিনটি বাড়িসহ মোট ৫টি বাড়ি লকডাউন করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব জানান, কিশোরীটি করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর তার নমুনা পজেটিভ আসায় থানা পুলিশ তার বাড়িতে গিয়ে আরো তথ্য নিয়ে আসে এবং লকডউন কঠোরভাবে পালনের নির্দেশনা দিয়ে আসে
উপজেলা নির্বাহী অফিসার শিউলি হরি জানান, মৃত শারমিনের রিপোর্ট পজেটিভ আসায় ৫টি বাড়ি লকডাউন করার পাশাপশি তার কন্ট্রাক্ট ট্রেসিং করে ওই বাড়ির ৫ জনের নমুনা ও তার সংস্পর্শে আসা ইতোপূর্বে অসুস্থ হয়ে ফরিদগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসাধীন একজনের নমুনা সংগ্রহ করার কাজ চলছে।
