চাঁদপুর-২ আসনে আ.লীগের মনোনয়ন পত্র জমা দিলেন ইসফাক আহসান

স্টাফ রিপোর্টার
আগামি জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা) আসন থেকে নৌকার মনোনয়ন পেতে গত সোমবার আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম জমা দেন তরুণ আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি এম. ইসফাক আহসান। নির্বাচনী আসনের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে বিরাট মিছিল নিয়ে ধানমন্ডিতে মনোনয়ন ফরম জমা দেন ইসফাক আহসান।
তিনি দীর্ঘদিন যাবত সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে ব্যানার, ফেস্টুন ও পোস্টার ব্যাপক হারে প্রচারণাপত্র করে চলছেন বিভিন্ন পাড়া-মহল্লায়। দুই উপজেলার বাজারগুলোতেও লক্ষ্য করা যাচ্ছে তরুণ এই শিল্পপতির নির্বাচনী প্রচারণা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সক্রিয় আওয়ামী লীগের এই মনোনয়ন প্রত্যাশী। মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের ছবিসহ ব্যানার-পোস্টার সাঁটানো হয়েছে। এসব প্রচারণায় আওয়ামী লীগ সরকারের বিগত দিনের উন্নয়ন তুলে ধরে নৌকার পক্ষে ভোট চাইছেন মনোনয়ন প্রত্যাশী এম ইসফাক আহসান। শুধু তাই নয় দুই উপজেলার তৃণমূলের নেতাকর্মীদের সাথে প্রতিনিয়তই সভা সমাবেশ করছেন তিনি। চাঁদপুর-২ আসনে নৌকার জয়ের লক্ষ্যে কাজ করছেন এম. ইসফাক আহসান।
তিনি মতলব উত্তর উপজেলার লতুরদি গ্রামের শিল্পপতি ও সিআইপি প্রকৌশলী এএসএম কামরুল আহসানের ছেলে। সোমবার আওয়ামী লীগের দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দানকালে সাংবাদিকদের এম. ইসফাক আহসান বলেন, আওয়ামী লীগের প্রচার-প্রচারণার ক্ষেত্রে আমি ব্যাপক সক্রিয়। যত বেশি প্রচার হবে ততবেশি মানুষ আওয়ামী লীগকে জানবে, বঙ্গবন্ধুকে জানবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানবে। তাই উন্নয়নের প্রতীক নৌকার পক্ষে আমি বেশি বেশি প্রচার করছি।
মনোনয়ন প্রত্যাশী এম ইসফাক আহসান বলেন, বাংলাদেশে যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই দেশ ও জনগণের ব্যাপক উন্নয়ন হয়ে থাকে। তাই আসুন আগামি সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখি। স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় ভোট দিন। আর এদেশের স্বাধীনতা যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পেয়েছি তাই স্বাধীনতার প্রতীক নৌকায় ভোট দিয়ে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনা কে পুনরায় প্রধানমন্ত্রী করতে হবে।