
প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুকবুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ একাডেমীর শিক্ষক পিএমএম জামালের দায়ের করা জি আর- ২৪৪/১৯ মোকদ্দমায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন লাভের পর কোর্ট থেকে বের হওয়ার পথে আদালত গেট থেকেই ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে গ্রেফতার করে মডেল থানায় নেয়া হয়েছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে কোন গ্রেফতারী পরোয়ানা না থাকার পরও পুলিশ বিনা কারণে তাকে গ্রেফতার করেছে বলে অভিযোগ করেন গভর্নিং বডি। গ্রেফতারের কারণ জিজ্ঞাসা করলে কর্মরত পুলিশ জানান, উপরের নির্দেশে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে গ্রেফতার করা হয়েছে।
আল আমিন একাডেমীর অধ্যক্ষ কর্নেল (অব.) শাহাদাত হোসেন শিকদারকে গত ২ মে অব্যাহতি দেয়ার পর থেকে অব্যহতিপ্রাপ্ত অধ্যক্ষ ক্ষমতাশীন দলের একটি মহলের ছত্রছায়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষকে নানাভাবে পুলিশী হয়রানী শুরু করে। এরই অংশ হিসাবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে মনে করেন সচেতন মহল।
আল আমিন একাডেমীর শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার হীন উদ্দেশ্যে গত কয়েক মাস যাবত একাডেমীর বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। বিনা কারণে ষড়যন্ত্রমূলকভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে একাডেমীর গভর্নিং বডির সদস্যবৃন্দ। একাডেমীর পরিচালনা পর্ষদ অবিলম্বে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মকবুল হোসেনের মুক্তি দাবি করছে।
