ফরিদগঞ্জে ডাকাতিয়া নদী রক্ষায় মানববন্ধন


ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া এককালের প্রমত্তা বর্তমানে মরা ডাকাতিয়া নদীকে দখল ও দূষণমুক্ত করতে মানববন্ধন করেছে স্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
গত ১০ জুন দুপুরে উপজেলা সদরে স্বেচ্ছা রক্তদানকারী সংগঠন অর্নিবাণের আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা বলেন, ফরিদগঞ্জ উপজেলার উপর দিয়ে ডাকাতিয়া নদীটির ৬০ কিলোমিটার অংশ বয়ে গেছে। কিন্তু প্রায় গত এক দশক ধরে নদীটি দখলে ও দূষণে অস্তিত্ব বিলীন হওয়ার পথে। ফরিদগঞ্জ উপজেলা সদরের বাজারের বর্জ্যও নদীর মধ্যে ফেলায় পুরো এলাকা দূষণে ও দুর্গন্ধে ভরে গেছে। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচী। কর্তৃপক্ষ ডাকাতিয়া নদী বাঁচাতে ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরো বড় কর্মসূচি গ্রহণের ঘোষণা দেন তারা।
অর্নিবাণের সভাপতি নুরুল করিম ফরিদের সভাপতিত্বে এবং কথাশিল্পী রাসেল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ এ আর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, চাঁদপুর জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মনির হোসেন, বাজার ব্যবসায়ী মিজানুর রহমান, সাংবাদিক আনিছুর রহমান সুজন, শেখ ফরিদ, মাহবুবুর রহমান, মশিউর রহমান জুয়েল পাঠান, তানভীর হোসেন, মুন্না, এমরান হোসেন, রাখাল দাস প্রমুখ।