জাতির পিতার কষ্টার্জিত এ স্বাধীনতা যেন ম্লান না হয়

মুজিববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক



স্টাফ রিপোর্টার
১৭ মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিববর্ষ ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
জেলা প্রশাসক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, আগামি ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন। এই দিন থেকে শুরু হবে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী (মুজিববর্ষ)।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হত না। জাতির পিতার কষ্টার্জিত এ স্বাধীনতা যেন ম্লান না হয়, সেই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে। যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শিশুদের খুবই ভালবাসতেন। তাই তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধাস্বরূপ তাঁর জন্মদিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়।
জেলা প্রশাসক বলেন, এই দিনটি উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। সকালে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তপোধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পন করা হবে। এছাড়া অন্যান্য কর্মসূচির পাশাপাশি রাত ৮টায় প্রধানমন্ত্রীর ভাষণ জেলা তথ্য অফিসের সহযোগিতায় শহরের গুরুত্বপূর্ণ স্থান থেকে সম্প্রচার করা হবে। একই সময়ে শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আতশবাজির আয়োজন করা হবে। এছাড়াও ১৬ মার্চ থেকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে আলোকসজ্জায় সজ্জিত করা হবে।
সভায় আরো বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী।