নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আরাফাত হোসন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে একদল ডুবুরি মাছের আবাদকৃত একটি দীঘি থেকে তার নিথর দেহ উদ্ধার করে। উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আরাফাত হোসেন পার্শ¦বর্তী হাজীগঞ্জ উপজেলার সেন্দ্রা গ্রামের মনির হোসেনের ছেলে।
জানা গেছে, আরাফাত হোসেন তার বাবা-মাসহ ঢাকায় বসবাস করতো। চলতি বছর সে ঢাকার একটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ শেষে ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামে তার এক খালার বাড়িতে বেড়াতে আসে। ইউপি সদস্য দুলাল হোসেন তার খালু। তার বাবা মনির হোসেন ঢাকার একটি এলাকায় পত্রিকা বিলিকারক। শনিবার সন্ধ্যায় সে তার খালাতো ভাই ফারুকের সাথে তার খালুর মাছের আবাদকৃত একটি দীঘিতে নৌকা দিয়ে মাছের খাবার দিতে যায়। হঠাৎ করে নৌকাটি উল্টে গেলে ফারুক সাঁতারে তীরে ফিরতে পারলেও আরাফাত দীঘির পানিতে ডুবে যায়।
পরে রাত ১০টার দিকে পার্শ্ববর্তী হাজীগঞ্জ উপজেলা থেকে একদল ডুবুরি এসে আরাফাতের নিথর দেহ উদ্ধার করে। অপরদিকে, অচেতন অবস্থায় ফারুক হাজীগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
