জেলা প্রশাসক কার্যালয়ে পরিস্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম

শাহ্ আলম খান
চাঁদপুরের জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ বলেছেন, আমরা অনেক সময় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলি। এ কাজটি থেকে যদি আমরা বিরত থাকি এবং নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলি, তাহলে আমাদের চারপাশ পরিস্কার-পরিচ্ছন্ন থাকে। শুধু এতটুকু সচেতন থাকলে আমরা আমাদের চারপাশ ৫০ ভাগ পরিস্কার রাখতে পারি। আর বাকি ৫০ ভাগ আমাদের কর্মরত পরিস্কার পরিচ্ছন্নতা কর্মীরা করতে পারবে।
গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বিডি ক্লিন আয়োজিত পরিস্কার-পরিচ্ছন্ন ও সচেতনতামূলক কার্যক্রম প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরো বলেন, আমাদের নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আর এই কাজটি হাতে নিয়েছে চাঁদপুর শহরের বিডি ক্লিন। তারা মানুষজনকে উদ্বুদ্ধ করছেন এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন। তাদের এ কার্যক্রমকে স্বাগত ও অভিনন্দন জানাই।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, বিডি ক্লিন চাঁদপুর সভাপতি রাফি, সমন্বয়ক মিথিলা, মো. বোরহান মিয়াজি, মশিউর ইসলাম, নিহা, নাজিবসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা শেষে অতিথিবৃন্দ বিডি ক্লিনের পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।
২৯ জানুয়ারি, ২০২১।