ব্যানার-পোস্টার ছেড়া ও হামলা অভিযোগ
ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে গত বুধবার রাতে পৌর এলাকার বিভিন্ন জায়গায়, আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীর
ব্যানার পোস্টার ছেঁড়া ও বিএনপির প্রার্থীর বড় ভাইয়ের উপর হামলার অভিযোগ এনে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুই মেয়র প্রার্থীর পৃথক সংবাদ সম্মেলন। এই ঘটনাকে কেন্দ্র করে পৌর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
দুপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। তিনি সংবাদ সম্মেলনে বলেন, ২৭ তারিখ রাতে নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মীরা নৌকা প্রতীকের ব্যানার, পোস্টার সাঁটানোর পরে বিএনপি’র মেয়র সমর্থিত কর্মীরা তা ছিড়ে ফেলে। তিনি এই বিষয়ে রিটার্নিং অফিসার ও আইন-শৃঙ্খলা বিভাগে অভিযোগ করেছেন।
সংবাদ সম্মেলনে এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদুল্যাহ তপদার, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল মিয়াজী ও সেক্টর কমান্ডার্স ফোরামের সেক্রেটারী এম তবিবুল্ল্যাহ প্রমুখ।
অপরদিকে বিকাল ৪টায় বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি’র মেয়র প্রার্থীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থী ইমাম হোসেন তার লিখিত বক্তব্যে বলেন ২৭ তারিখ বিকেল থেকে তার সমর্থকরা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে পোস্টার ও ব্যানার সাঁটানোর পর ছাত্রলীগের ১৫/২০ জনের একটি গ্রুপ তা ছিঁড়ে ফেলে। রাত ৯টার দিকে তার বড় দুই ভাই মিলে বাসস্ট্যান্ডে ব্যানার সাঁটানোর সময় ওই গ্রুপটি এসে তাদের হুমকি-ধমকি দিয়ে সেখানের ব্যানারও ছিঁড়ে ফেলে। এই সময় তার মেঝ ভাই আব্দুর রাজ্জাক রাজাকে মারধর করে। তারা বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে জানালে পুলিশ এসে তা দেখে যায়। এই বিষয়ে তারা লিখিতভাবে রিটার্নিং অফিসারকে জানাবেন। প্রার্থীর বড় ভাই সাবেক মেয়র ভিপি মঞ্জিল হোসেন তাদের পরিবার ও দলীয় সমর্থকদের সার্বিক নিরাপত্তা দাবি করে।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্টু, সদস্য সচিব আব্দুল মতিন ও পৌর ছাত্রদলের সদস্য সচিব শিবলু।
২৯ জানুয়ারি, ২০২১।
