মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে
স্টাফ রিপোর্টার
মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা অবৈতনিক সাধারণ সম্পাদক, উপদেষ্টা পরিষদের সম্মানীত সদস্য, চাঁদপুরের সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব, ভাষাসৈনিক, চিকিৎসক,
সমাজসেবক আলহাজ ডা. এম. এ গফুরের ২য় মৃত্যুবার্ষিকী খতমে কোরআন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ আগস্ট) মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে মরহুমের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হওয়া দোয়া মাহফিলে পবিত্র কোরআন খতমের পর হাফেজ মাওলানা মো. খোরশেদ আলমের পরিচালনায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, চাঁদপুরে ডা. গফুর সাহেবের মতো এতোটা নিঃস্বার্থ সমাজসেবী খুব কমই আছে। যিনি নিঃস্বার্থভাবে আধুনিক সমাজ বিনির্মানে মানবসেবায় যে অবদান রেখে গেছেন তা চাঁদপুরের ইতিহাসে বিরল। হাসপাতাল, মসজিদ-মাদ্রাসা, রোটারী ক্লাবসহ দাতব্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন এবং সুদক্ষ নেতৃত্ব এবং দিকনির্দেশনায় প্রতিষ্ঠানগুলো আজ সমহিমায় সুপ্রতিষ্ঠিত। ডা. এম. এ গফুর সাহেবের মত প্রতিথযশা চিকিৎসক এবং সমাজসেবক সমাজে বিরল। নিঃস্বার্থভাবে মানবসেবায় যে অনন্য ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তা চাঁদপুরের ইতিহাসে অত্যন্ত গৌরব ও অহঙ্কারের। তিঁনি সবসময় মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছেন এবং নিজেদের কর্মে সৎ এবং নিষ্ঠাবান ছিলেন। মরহুমের কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা রেখে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী পরিষদের সদস্য আলহাজ এম. এ বারী খান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আনোয়ার হোসেন শেখ, হাসপাতালের সাধারণ পরিষদ সদস্য ও ডা. গফুরের অনুজ অ্যাড. ফজলুল হক সরকারসহ অনেকে। এছাড়া হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ কবর জিয়ারত ও দোয়ায় অংশগ্রহণ করেন।
২৬ আগস্ট, ২০২১।
