ডা. মঈনুল ইসলাম মাহমুদ চৌধুরী রোটারী গভর্নর নির্বাচিত

স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের কৃতী সন্তান রোটারিয়ান ডা. মঈনুল ইসলাম মাহমুদ চৌধুরী রোটারী গভর্নর নির্বাচিত হয়েছেন। তিনি রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর নির্বাচিত হন। তিনি ২০২৫-২৬ রোটারী বর্ষে গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন। ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।
চট্টগ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান রোটা. ডা. মঈনুল ইসলাম মাহমুদ চৌধুরী চট্টগ্রাম রোটারী ক্লাবের সদস্য। তিনি ক্লাব সভাপতিসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি রোটারী ডিস্ট্রিক্ট-৩২৮২ এর বিভিন্ন দায়িত্বে ছিলেন। গত ১৮ মার্চ চট্টগ্রাম শহরের মেট্রোপলিটন শুটিং ক্লাব কনভেনশন হলে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশের কনফারেন্সে ডা. মঈনুল চৌধুরী নির্বাচিত হন।
এর আগে ১৭ মার্চ দু’দিনব্যাপী কনফারেন্স শুরু হয়। কনফারেন্সের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। কনফারেন্সে রোটারী ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট প্রতিনিধি পিডিজি রোটা. দীপক গুপ্ত ও তাঁর সহধর্মিণী রিনা গুপ্তা, ডিস্ট্রিক্ট গভর্নর রোটা. রুহেলা খান চৌধুরী, ভাইস-গভর্নর রোটা. দীলনাঁশি মোহসেন, ডিজিই রোটা. ইঞ্জি. মতিউর রহমান, পিএফডিএল রোটা. শামিনা ইসলাম, ডিস্ট্রিক্ট সেক্রেটারী জেনারেল রোটা. মোহাম্মদ শাহজাহানসহ সারা দেশের রোটারিয়ানরা অংশ নেন।
দ্বিতীয় দিনে ২০২৫-২৬ রোটারী বর্ষের গভর্নর নির্বাচনের জন্য দ্বিতীয় পর্বে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিটির চেয়ারম্যান পিপি রোটা. জাহাঙ্গীর আলম খানের নেতৃত্বে আয়োজিত নির্বাচনে চট্টগ্রাম রোটারী ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. মঈনুল ইসলাম মাহমুদ চৌধুরী ১৫৬ ভোট পেয়ে ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি ডেজিগনেট (ডিজিএনডি) নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রোটা. পিপি অ্যাডভোকেট রফিক আহমেদ চৌধুরী পান ১৮ ভোট।
দেশবরেণ্য সংগীতশিল্পী রোটা. নকীব খান ও অন্য শিল্পীদের মনোমুগ্ধকর সংগীতানুষ্ঠান এবং র‌্যাফেল ড্র-এর মাধ্যমে কনফারেন্সের সমাপ্তি ঘটে।

০২ এপ্রিল, ২০২৩।