সম্পত্তিগত বিরোধে যুবকের করুণ মৃত্যু
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে সম্পত্তিগত বিরোধের জেরে প্রতিপক্ষের ঘুষিতে মো. সালামত উল্যাহ সালাম (৩৪) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে স্বামীর বাড়িতে যাওয়ার আগেই হতভাগী গৃহবধূ বিধবা হয়ে গেছে। শনিবার (১ এপ্রিল) সকালে উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের তারাপাল্লা গ্রামের কামাল উদ্দিন প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই বাড়ির রবিউল আলমের ছোট ছেলে।
সালামত উল্যাহ চাঁদপুরে আইনজীবী পবিত্রলাল সরকারের সহকারী ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত মো. কাউছার হোসেনকে (২৫) আটক করে পুলিশ। এ দিন দুপুরে হত্যার অভিযোগ এনে হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন নিহতের পরিবার। নিহত ও অভিযুক্ত দু’জন বাড়ির সম্পর্কে চাচা ও ভাতিজা ছিলেন।
জানা গেছে, ওই বাড়ির রবিউল আলমের পরিবারের সাথে একই বাড়ির মৃত আমির হোসেনের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে সম্পত্তিগত বিরোধ চলছিল। এ নিয়ে আনুমানিক দু’বছর আগে রবিউল আলম বাদী হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতে একটি দেওয়ানী মামলা দায়ের করেন। যা বর্তমানে আদালতে চলমান রয়েছে।
গতকাল সকালে বিরোধকৃত সম্পত্তিতে বালু দ্বারা ভরাট কাজ শুরু করেন বিবাদী মৃত আমির হোসেনের ছেলে মো. কাউছার হোসেন। এসময় বাদী রবিউল আলম ও তার ছেলে সালামত উল্যাহ বাধা দিলে দু’পক্ষ তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে কাউছার হোসেন ক্ষিপ্ত হয়ে সালামত উল্যাহর বুকে ঘুষি দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ হাসপাতাল ও ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের পরিবারের সাথে কথা বলেন।
এরপর উপ-পরিদর্শক মো. ইউনুছ মিয়া লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন।
এদিকে স্বামীর বাড়িতে যাওয়ার আগেই বিধবা হলেন সালামত উল্যাহর স্ত্রী। ৬ মাস আগে তাদের বিয়ে হয়। এর মধ্যে তার স্ত্রী ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে। বিয়ের পর থেকেই তিনি বাবার বাড়িতেই থাকতেন, এখনো শ্বশুর বাড়িতে যাওয়া হয়নি।
এদিকে অভিযুক্ত কাউছার হোসেনের পরিবার নিহত সালামত উল্যাহ্র পরিবারের সাথে সম্পত্তিগত বিরোধ রয়েছে উল্লেখ করে ওই বাড়ির লোকজন সংবাদকর্মীদের জানান, এদিন (শনিবার) সকালে দু’জনের মাঝে ঝগড়া হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে বলে জানতে পেরেছি। তবে অভিযুক্তের পরিবার হাতাহাতি হয়নি বলে দাবি করেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ ও অভিযুক্তকে আটক করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করেছেন।
০২ এপ্রিল, ২০২৩।
