
এম সাইফুল মিজান :
কচুয়ায় ১শ’ ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ল্যাপটপ বিতরণ করা হয়েছে। গত ১৯ ডিসেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে এ ল্যাপটপ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
এসময় তিনি বলেন, উপমহাদেশের মধ্যে এ প্রথম বর্তমান সরকার বাংলাদেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ পৌঁছে দিতে সক্ষম হয়েছে। সারা দেশের মধ্যে আমাদের উপজেলায় সবচেয়ে বেশি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, পৃথিবীর কোন শিক্ষা প্রতিষ্ঠানে উপবৃত্তি ও বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়ার নজির নেই। আমাদের সরকার তা সক্ষম করেছে। ১৯৮৯ সালে আমরা আন্দোলন করেছি দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যেন সরকারি বেতন-ভাতা পায়। আমাদের এ আন্দোলনের ফলে আপনারা আজ সরকারের সব সুযোগ-সুবিধা ভোগ করতে সক্ষম হয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন ও সালমা সহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, চাঁদপুর জেলা পরিষদ সদস্য সালাউদ্দীন ভূইঁয়া, উপজেলা শিক্ষা অফিসার মো. ইকবাল হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. তাজুল ইসলাম প্রমুখ।
পরে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি ১শ’ ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেন।
